'রংধনু অনুষ্ঠানটি ছোটদের হলেও বড়দের জন্যেও সমান উপযোগী'
https://parstoday.ir/bn/news/letter-i112656-'রংধনু_অনুষ্ঠানটি_ছোটদের_হলেও_বড়দের_জন্যেও_সমান_উপযোগী'
সালামুন আলাইকুম, আশা করি রেডিও তেহরান বাংলা বিভাগের সকলে ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের ঝুলিতে নানা বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের সমাহার আমাকে মুগ্ধ করে তোলে। সপ্তাহের বিভিন্ন দিন, নানা স্বাদের অনুষ্ঠানের পসরা সাজিয়ে আমাদের সামনে হাজির করে রেডিও তেহরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩১, ২০২২ ১০:১১ Asia/Dhaka
  • 'রংধনু অনুষ্ঠানটি ছোটদের হলেও বড়দের জন্যেও সমান উপযোগী'

সালামুন আলাইকুম, আশা করি রেডিও তেহরান বাংলা বিভাগের সকলে ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের ঝুলিতে নানা বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের সমাহার আমাকে মুগ্ধ করে তোলে। সপ্তাহের বিভিন্ন দিন, নানা স্বাদের অনুষ্ঠানের পসরা সাজিয়ে আমাদের সামনে হাজির করে রেডিও তেহরান।

গত ২৫ শে আগস্ট, ২০২২ বৃহস্পতি বারের সাপ্তাহিক পরিবেশনা ছোটদের 'রংধনু' অনুষ্ঠানের কয়েকটি শিক্ষণীয় বিদেশি গল্প শুনলাম। 

আশরাফুর রহমান ভাইয়ের গ্রন্থনা ও প্রযোজনায় শিশু-কিশোরদের জন্যে এ অনুষ্ঠানটি পরিবেশিত হলেও বড়দের জন্যেও সমান উপযোগী বলে মনে করি। ছোটদের উপযোগী করে নাসির মাহমুদ ভাই এবং আকতার জাহান আপার চমৎকার পরিবেশন কৌশল আমাকে মুগ্ধ করে তোলে; আর শিশু-কিশোর শ্রোতারাও তা মজা করে উপভোগ করে।

আজকের আসরে বিদেশি গল্প অবলম্বনে কয়েকটি শিক্ষণীয় গল্প শোনালো হলো, যার প্রথম গল্পটি ছিল -

"লোভ কাকে বলে" এই গল্পের নীতিকথা হলো- লোভের কারণে আমরা আমাদের জীবনে অনেক ভালো জিনিস হারিয়ে ফেলি। তাই আমাদের উচিত লোভ থেকে দূরে থাকা।

লোভের ক্ষতিকর দিকের কথা বিবেচনা করে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "তোমরা লোভ থেকে বিরত থাকো, কারণ তোমাদের পূর্ববর্তীদের অনেকেই লোভের কারণে ধ্বংস হয়েছে।"

এর পরের গল্পটি ছিল- "স্বর্ণমুদ্রা ও লোভী লোক"। এই গল্পের শিক্ষা ছিল- মিথ্যা বলে অন্যের জিনিস হাতাতে গেলে নিজেরটাই খোয়া যেতে পারে।

পরের গল্প, 'বুড়ো কারিগর'-এর নীতিকথা হলো- উদ্যম নেয়ার আগে কোথায় উদ্যমী হতে হবে সেটা জানা জরুরি। অভিজ্ঞতাকে খাটো করে দেখতে নেই।

সবশেষে যে গল্পটি শোনানো হয়, সেটি হলো, "এক কাপ কফি"। এ গল্পের শিক্ষা হলো- চারপাশে সবকিছু ঠিক থাকা মানেই সুখী হওয়া নয়। অভাব-অভিযোগের মধ্যেই সুখ খুঁজে নিতে হয়।

এই সকল মজাদার গল্পগুলো ছোটদের জন্যে যেমন শিক্ষণীয় তেমনই বড়দের জন্যেও অনুকরণীয় বটে।

অনুষ্ঠানে বাংলাদেশের পঞ্চগড়ের ছোট্টবন্ধু আফিয়া ইবনাত ইলার কণ্ঠে কবি সুকুমার রায়ের লেখা বিখ্যাত কবিতা 'জীবনের হিসাব' বেশ ভালো লেগেছে।

অনুষ্ঠানের শেষ প্রান্তে ছিল "হেভেন টিউন নাশিদ ব্যান্ড" পরিবেশিত একটি সুন্দর গান। ছোট্ট সোনামণি আফসা, আফরা ও নেহার  'গুন গুন করে মৌ' শিরোনামের গানটি শুনতে শুনতে এক স্বর্গীয় অনুভুতি তে হারিয়ে গেলাম। সুন্দর, আকর্ষণীয় ও অধো আধো উচ্চারণ, সব মিলিয়ে চমৎকার পরিবেশনা অত্যন্ত উপভোগ্য ছিল।

সুন্দর, আকর্ষণীয় ও প্রাণবন্ত আরো একটি 'রংধনু' আসর উপহার দেবার জন্যে রেডিও তেহরান বাংলা বিভাগকে শুকরিয়া জ্ঞাপন করছি। ধন্যবাদান্তে-

 

এস এম নাজিম উদ্দিন

মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১