'রেডিও তেহরানে বিশ্বমোড়লদের মুখোশ উন্মোচনে সাহসী পদক্ষেপের পদধ্বনি শুনি'
https://parstoday.ir/bn/news/letter-i115346-'রেডিও_তেহরানে_বিশ্বমোড়লদের_মুখোশ_উন্মোচনে_সাহসী_পদক্ষেপের_পদধ্বনি_শুনি'
প্রিয় রেডিও তেহরান, হেমন্তী শুভেচ্ছা গ্রহণ করুন। প্রাত্যহিক অভ্যেসে অথবা যাপিত জীবনের নিষ্পেষণ থেকে নিস্তার পেয়ে প্রতি রাতেই আমার অবসরের সঙ্গী হয় প্রিয় মোবাইল ফোন! কত কী দেখি, কত কী শুনি! আজ (৩০ অক্টোবর, ২০২২) রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন শুনে অত্যন্ত প্রীত হলাম, সেই বার্তা জানাতেই এই চিঠি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ০২, ২০২২ ১৫:১০ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানে বিশ্বমোড়লদের মুখোশ উন্মোচনে সাহসী পদক্ষেপের পদধ্বনি শুনি'

প্রিয় রেডিও তেহরান, হেমন্তী শুভেচ্ছা গ্রহণ করুন। প্রাত্যহিক অভ্যেসে অথবা যাপিত জীবনের নিষ্পেষণ থেকে নিস্তার পেয়ে প্রতি রাতেই আমার অবসরের সঙ্গী হয় প্রিয় মোবাইল ফোন! কত কী দেখি, কত কী শুনি! আজ (৩০ অক্টোবর, ২০২২) রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন শুনে অত্যন্ত প্রীত হলাম, সেই বার্তা জানাতেই এই চিঠি।

রেডিও তেহরানে প্রতিদিন অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কুরআনুল কারীম থেকে কিছু আয়াতের মর্মস্পর্শী তিলাওয়াত শুনি। হৃদয়ের গভীর থেকে গভীরতম স্থানে ভালো লাগার আবেশ সৃষ্টি হয় এতে। পবিত্র কুরআনের এই বিস্ময়কর ক্ষমতা যুগে যুগে মোহিত করেছে এর শ্রোতাকে। আজও এর ব্যতিক্রম হয় নি। ক্বারী আলি পারহেজগারকে অসংখ্য মোবারকবাদ জানাই।

বিশ্বসংবাদ পরিবেশনে বিশ্বমোড়লদের দক্ষতা দেখে চমকে চমকে উঠি! আর ভাবি, সাদাকে কালো এবং কালোকে সাদা দেখানোর এই ছলনা দেখেও কেন না দেখার ভান করি! হয়তো ভয়ে অথবা অলসতায়! আরও ভাবি, কেউ একদিন আসবে, এদের মুখোশ উন্মোচনে সাহসী পদক্ষেপের পদধ্বনি আমরা কান পেতে শুনবো! কান পেতে আজ শুনলাম ‘রেডিও তেহরান’। সত্য প্রচারে দৃঢ় চিত্তে, সদা উন্নত শির নিয়ে পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগরে সে আসছে! ‘খবরের সঙ্গে ২৪ ঘণ্টা।’ রেডিও তেহরানের মৌলিকত্ব এখানেই।

বিশ্বসংবাদের শুরুতেই ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর সফলতার খবর শুনে প্রচণ্ড আনন্দিত হলাম। জ্ঞানচর্চার ইরানিদের অবদান সুপ্রাচীন। সেই ধারাবাহিকতায় জ্ঞান সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর ক্রমশ উন্নতি জাতিকে আনন্দিত করেছে। এই বিদ্যাপীঠগুলোয় অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থী জ্ঞানলাভ করে আলোকিত হচ্ছে। এভাবে চলতে থাকলে এমন একদিন আসবে, আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার আলী রেজা তাঙ্গসিরি যেমনটি বলেছেন, ‘পারস্য উপসাগরে শত্রুদের গলা চেপে ধরা হবে’- সেদিন এই বাক্যের স্বার্থকতা প্রতিষ্ঠিত হবে। পরবর্তী সংবাদে শুনলাম, দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের কর্মকাণ্ডে বিশ্ব নেতাদের নীরব সমর্থনের নিন্দা করেছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানির এই সাহসী বক্তব্য আমাদের হৃদয় শীতল করেছে।

নিলয় রহমানের সংবাদ মানেই তথ্য-উপাত্ত নির্ভর একটি পুর্ণাঙ্গ প্রামাণিক প্রতিবেদন! তার প্রতিবেদনের অপেক্ষায় থাকি রোজ। বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তার বিশ্লেষণ আমাদের সচেতন করবে। রাষ্ট্র বা সিটি কর্পোরেশনের পক্ষে ডেঙ্গু দমন করা সম্ভব হবে না, যদি আমরা সচেতন না হই।

তাকফিরি সংগঠন দায়েশের উত্থানের পেছনে বিশ্বের কিছু পরাশক্তির সম্পর্ক নিয়ে পরবর্তী সংবাদ বিশ্লেষণ খুব ভালো লেগেছে। এই ধরণের সাহসী বিশ্লেষণ রেডিও তেহরান ভিন্ন অন্য কোথাও শোনা যায় না।

পরবর্তীতে সিরাজুল ইসলামের আলোচনা অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ ছিল। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে তিনি সম্যক অবগত এবং নিরপেক্ষ। তার আলোচনা আমাকে ঋদ্ধ করেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সাথে দখলদার ইসরাইলের ঘনিষ্ঠতা নিয়ে তিনি যে আলোকপাত করলেন, তার সাথে আমি পুরোপুরি একমত। দখলদার রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করে মধ্যপ্রাচ্যে কেউ কখনো লাভবান হবে না। ইসরাইল ও ইরানের সংঘাতকে আরও নিকটবর্তী করতে চাইছে তারা। এর ঋণাত্মক প্রভাব গোটা বিশ্বকেই নাজেহাল করে দিতে পারে।

সংবাদ পরিবেশনের পর রেডিও তেহরানে জ্ঞান ও বিনোদনমূলক কিছু অনুষ্ঠান প্রচারিত হয়। প্রতিটি অনুষ্ঠান রূপ-রস-গন্ধে ভিন্নতর। প্রতিটি অনুষ্ঠানই আমার ভালো লাগে। মহান আল্লাহর গুণবাচক নামসমূহের আলোচনা নিয়ে অনুষ্ঠান ‘আসমাউল হুসনা’ এর একটি। আজ আলোচনা শুনলাম, আল্লাহর একটি নাম হলো তাহের বা পবিত্র। এই পবিত্রতা শুধু বাহ্যিক নয়, বরং অন্তরেরও! আত্মা ও বহিরাঙ্গ, উভয়ই পবিত্র হলে মানবতার ফুল প্রস্ফুটিত হয়, সমাজ লাভবান হয়। জীবনকে সুন্দর ও শান্তিময় করার এই ধরনের আরেকটি অনুষ্ঠান হলো ‘সুখের নীড়’। জীবন গঠনের নানা উপাদান এই দুই অনুষ্ঠানে শুনলাম, যা আমাদের জীবন চলার পথে কাজে আসবে।

নিজেকে সুন্দরভাবে গড়ে তোলা এবং একইসাথে বিশ্বসচেতন নাগরিক মনন গঠনে রেডিও তেহরানের অনবদ্য এইসব প্রয়াস যুগ যুগ চালু থাকুক, এই কামনা করি।

 

রেডিও তেহরানের প্রীতিমুগ্ধ

মোঃ মোস্তাফিজুর রহমান

বোয়ালিয়া, রাজশাহী।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২