আরব বাহিনীর অভিযান: সাধারণ মানুষকে মানবঢাল করেছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i10300-আরব_বাহিনীর_অভিযান_সাধারণ_মানুষকে_মানবঢাল_করেছে_দায়েশ
সিরিয়ার রাকা শহরে বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২৫, ২০১৬ ১০:১০ Asia/Dhaka
  • আরব বাহিনীর অভিযান: সাধারণ মানুষকে মানবঢাল করেছে দায়েশ

সিরিয়ার রাকা শহরে বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ।

শহরে কুর্দি ও আরব বাহিনীর সঙ্গে লড়াইয়ের সময় তারা বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলে খবর দিয়েছেন সিরিয়ার একজন মানবাধিকার কর্মী। একই ভবনের কিছু ফ্ল্যাটে বেসামরিক লোকজন বাস করছে আবর সেই ভবনে দায়েশ সন্ত্রাসীরাও অবস্থান করছে। এছাড়া, কিছু স্কুলকেও দায়েশ সন্ত্রাসীরা তাদের আবাসস্থল হিসেবে ব্যবহার করছে।

কুর্দি ও আরব যোদ্ধাদের নিয়ে গঠিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফ গতকাল (মঙ্গলবার) থেকে রাকা শহরের উত্তরাঞ্চল মুক্ত করার জন্য অভিযান শুরু করেছে। বলা হচ্ছে- এ জোটের অভিযানকে সমর্থন দিচ্ছে মার্কিন জঙ্গিবিমান।

এসডিএফ যোদ্ধারা তাল আবিয়াদ শহরের দক্ষিণ থেকে রাকা শহরের দিকে অভিযান শুরু করে। জোটের নারী কমান্ডার রোজদা ফিলাত জানান, এ অভিযানের লক্ষ্য হচ্ছে রাকার উত্তরাঞ্চল ও দায়েশের হাতে নির্যাতিত জনগণকে মুক্ত করা। এর পাশাপাশি কুর্দি অধ্যুষিত কোবানি, তাল আবিয়াদ ও শাদ্দাদি এলাকার নিরাপত্তা নিশ্চিত করাও অভিযান অন্যতম লক্ষ্য বলে তিনি জানান। এর মধ্যে এসডিএফ’র অভিযানে ২২ জন দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

২০১৪ সাল থেকে রাকা শহরটি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে। তারা এ শহরকে তাদের কথিত স্বঘোষিত খেলাফতের রাজধানী ঘোষণা করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫