২ দিনের সফরে তুরস্কে দখলদার ইসরাইলের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i104986-২_দিনের_সফরে_তুরস্কে_দখলদার_ইসরাইলের_প্রেসিডেন্ট
দুই দিনের সফরে তুরস্ক পৌঁছেছেন দখলদার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মার্চ ০৯, ২০২২ ১৯:১৭ Asia/Dhaka

দুই দিনের সফরে তুরস্ক পৌঁছেছেন দখলদার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

তুরস্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ইসরাইলি প্রেসিডেন্ট বলেছেন, দখলদার ইসরাইল ও তুরস্কের সম্পর্কে চড়াই-উৎরাই রয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে পারস্পরিক সম্মানের ভিত্তিতে কীভাবে এই সম্পর্ককে আবারও সচল করা যায় তা জানা আছে।

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা দখলকারী ইসরাইলের প্রেসিডেন্ট তুরস্ক সফরের সুযোগ পেয়েছেন- এমন খবরে অনেকেই বিস্মিত হয়েছেন।

এর প্রতিবাদে গতকালও তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ সমাবেশে যোগ দেয়া লোকজনের হাতে বহুসংখ্যক ব্যানার-ফেস্টুন দেখা গেছে, যাতে লেখা ছিল "আমরা ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে তুরস্কে দেখতে চাই না।"

তুরস্কের এরদোগান সরকার এর আগে বহুবার ফিলিস্তিনিদের অধিকার রক্ষার কথা বলেছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, তুর্কি সরকার মুখে ইসরাইলের সমালোচনা করলেও বাস্তবে সব সময় দখলদারদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এবং ইসরাইলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। 

গত জানুয়ারিতেই রজব তাইয়্যেব এরদোগান ইসরাইলি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর জানিয়েছিলেন, আইজ্যাক হারজগ তুরস্ক সফর করবেন। তুরস্কের ওপর দিয়ে ইহুদিবাদী ইসরাইল থেকে ইউরোপে গ্যাস পাইপ লাইন নির্মাণেরও প্রস্তাব দিয়েছেন এরদোগান। এবারের সফরে এরদোগানের সঙ্গে এ বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছে ইসরাইলি প্রেসিডেন্ট।

ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের ভূখণ্ড দখলের পাশাপাশি সব ফিলিস্তিনিকে নিশ্চিহ্ন করতে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কারণে বিশ্বের মুসলমানেরা দখলদারদের সঙ্গে কোনো মুসলিম দেশের সম্পর্ককে ভালো চোখে দেখে না।#

পার্সুটডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।