এরবিলের মোসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে আইআরজিসি
https://parstoday.ir/bn/news/west_asia-i105160-এরবিলের_মোসাদ_ঘাঁটিতে_ক্ষেপণাস্ত্র_হামলা_করেছে_আইআরজিসি
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে অবস্থিত ইহুদিবাদী ইসরাইলের কথিত স্ট্র্যাটেজিক সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তেল আবিবকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১৩, ২০২২ ১৫:২৯ Asia/Dhaka

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে অবস্থিত ইহুদিবাদী ইসরাইলের কথিত স্ট্র্যাটেজিক সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তেল আবিবকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

আজ রোববার এক বিবৃতিতে আইআরজিসি ইঙ্গিত দিয়েছে যে, গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় আইআরজিসি দুজন কর্নেল শহীদ হওয়ার জবাব হিসেবে এরবিলের ইহুদিবাদী কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, “ভুয়া ইহুদিবাদী সরকারের সাম্প্রতিক অপরাধমূলক তৎপরতার কারণে এবং তাদের এই অপরাধ বিনা জবাবে পার পাবে না বলে যে ঘোষণা দেয়া হয়েছিল তার অংশ হিসেবে ইহুদিবাদীদের ষড়যন্ত্রের কৌশলগত কেন্দ্রে শক্তিশালী ও নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।”

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত মোসাদের একটি ঘাঁটি

গতকাল মধ্যরাতে এরবিলের মোসাদ ঘাঁটিতে অন্তত এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার দায় স্বীকার করেছে আইআরজিসি। ওই হামলায় ইসরাইলের কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে।

ইরাকের সবেরিন নিউজ জানিয়েছে, মোসাদের দুটি প্রশিক্ষণ কেন্দ্র হামলার শিকার হয়েছে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এরবিলে মোসাদের ঘাঁটি সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে এবং বেশ কয়েকজন ইসরাইলি ভাড়াটে হতাহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।