রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ফিলিস্তিনি ইস্যুতে পাশ্চাত্যের দ্বৈত অবস্থানের সমালোচনা
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠক
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনি জনগণের সংঘাত এবং ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাতের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী অবস্থানের কঠোর সমালোচনা করেছেন।
ইউক্রেনের সামরিক অভিযান চালানোর কারণে রাশিয়ার ওপর পাশ্চাত্যের দেশগুলো হাজার রকমের নিষেধাজ্ঞা আরোপ করেছে অথচ দশকের পর দশক ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল আগ্রাসন চালিয়ে এলেও তা নিয়ে পাশ্চাত্যের মুখে কোনো টুঁ-শব্দ নেই। এ বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনা করেন।
গতকাল ফিলিস্তিন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যন্টনি ব্লিনকেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে মাহমুদ আব্বাস বলেন, ইউরোপের চলমান ঘটনাবলী এবং ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত বর্বরতার প্রশ্নে পাশ্চাত্যের দেশগুলোর দ্বিমুখী আচরণকে স্পষ্ট করে দিয়েছে।
মাহমুদ আব্বাস বলেন, "ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী সেনারা জাতিগত নিধন অভিযান চালিয়ে গেলেও ইসরাইলকে এ ব্যাপারে দায়ী করার জন্য কোনো দেশের পক্ষ থেকে কোনো রকমের উদ্যোগ দেখি না।"
বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ফিলিস্তিনের জনগণ ও সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণের ব্যাপারে প্রতিশ্রুতি বদ্ধ।#
পার্সটুডে/এসআইবি/২৮