মাহমুদ আব্বাসকে ক্ষমতাচ্যুত করতে চায় আরব-ইসরাইল জোট
https://parstoday.ir/bn/news/west_asia-i10639-মাহমুদ_আব্বাসকে_ক্ষমতাচ্যুত_করতে_চায়_আরব_ইসরাইল_জোট
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে ইহুদিবাদী ইসরাইল ও কথিত আরব জোট পরিকল্পনা করছে বলে খবর বের হয়েছে। এ পরিকল্পনায় ইসরাইলের সঙ্গে জড়িত রয়েছে মিশর, সংযুক্ত আরব আমিরাত ও জর্দান।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২৯, ২০১৬ ১১:২৪ Asia/Dhaka
  • মুহাম্মাদ দাহলান (বামে) ও মাহমুদ আব্বাস
    মুহাম্মাদ দাহলান (বামে) ও মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে ইহুদিবাদী ইসরাইল ও কথিত আরব জোট পরিকল্পনা করছে বলে খবর বের হয়েছে। এ পরিকল্পনায় ইসরাইলের সঙ্গে জড়িত রয়েছে মিশর, সংযুক্ত আরব আমিরাত ও জর্দান।

অনলাইন নিউজ পোর্টাল ‘মিডলইস্ট আই’ এ খবর দিয়েছে। এ খবরে বলা হয়েছে- মাহমুদ আব্বাসকে সরিয়ে দিয়ে এসব দেশ ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের সাবেক নেতা মুহাম্মাদ দাহলানকে ক্ষমতায় বসাতে চায়। ফিলিস্তিন ও জর্দানের কয়েকটি সূত্রের বরাত দিয়ে মিডলইস্ট আই বলেছে, দাহলানকে ক্ষমতায় বসানোর বিষয়ে এরইমধ্যে সংযুক্ত আরব আমিরাত ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কথা বলেছে।

এ নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হলে বিষয়টি চূড়ান্তভাবে সৌদি আরবকে জানানো হবে। এসব দেশ মনে করছে, মাহমুদ আব্বাস রাজনৈতিকভাবে অচল হয়ে গেছেন এবং তার নেতৃত্বে কোনো আকস্মিক কিছু ঘটানোর সব প্রচেষ্টা বন্ধ করা উচিত। এ পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে- ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা বাদ দিয়ে ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তি করা এবং ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে দুর্বল করে ফেলা।

মুহাম্মাদ দাহলান হচ্ছেন মাহমুদ আব্বাসের প্রতিদ্বন্দ্বী এবং তাকে ২০১১ সালে দুর্নীতির অভিযোগে ফাতাহ আন্দোলন থেকে বহিষ্কার করা হয়। তখন থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। সম্প্রতি কথিত আরব জোট ও ইসরাইলের পরিকল্পনার বিষয়ে দাহলান জর্দানের রাজধানী আম্মান সফর করেছেন।

আগামী ৩ জুন ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে কথিত শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে মাহমুদ আব্বাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার বিষয়ে এ পরিকল্পনার খবর বের হলো। গত অক্টোবর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর ও বায়তুল মুকাদ্দাস এলাকায় ইসরাইল নতুন করে ব্যাপক নিপীড়ন চালিয়ে আসছে। এর মধ্যে কথিত শান্তি আলোচনা আবার শুরুর উদ্যোগ নিল ফ্রান্স।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯