ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রাম চলবে
দেইর আল-ইয়াসিন গণহত্যার কথা ফিলিস্তিনিরা ভুলবে না: হামাস
-
দেইর আল-ইয়াসিন হত্যাযজ্ঞে ৩৬০ নারী, পুরুষ ও শিশু নিহত হন
ফিলিস্তিনের দেইর আল-ইয়াসিনে ইহুদিবাদীদের চালানো ভয়াবহ গণহত্যা এবং ইসরাইলি অপরাধযজ্ঞের প্রতি অন্যান্য দেশের সমর্থনের কথা ফিলিস্তিনিরা কোনোদিন ভুলে যাবে না বলে জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, আমাদের ভূমি ও জনগণের বিরুদ্ধে দখলদার ইসরাইলের অপরাধযজ্ঞ ও গণহত্যা বর্ণনা করার মতো নয়।তবে দখলদারদেরকে চিরতরে আমাদের ভূমি থেকে বহিষ্কার করার জন্য আমরা শহীদদের রক্তের প্রতি প্রতিশ্রতিবদ্ধ থাকব।
১৯৪৮ সালের ৯ এপ্রিল দখলীকৃত জেরুজালেম আল-কুদসের পশ্চিম অংশের দেইর আল-ইয়াসিন এলাকায় ভয়াবহ গণহত্যা চালায় দখলদার ইহুদিবাদীরা। ওই পাশবিক হত্যাযজ্ঞে ৩৬০ নারী, পুরুষ ও শিশু নিহত হন।
এ উপলক্ষে হামাস দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডকে স্বাধীন করার পাশাপাশি সব ফিলিস্তিনি শরণার্থীকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে আনার সংগ্রাম অব্যাহত থাকবে। হামাস আরো বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকাসহ অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থানে ইসরাইলি সেনাদের দমন অভিযান এই অবৈধ সরকারের অপরাধী চরিত্রের স্বরূপ উন্মোচন করে দিয়েছে।
হামাসের বিবৃতিতে সুস্পষ্টভাবে বলা হয়েছে, এ ধরনের দমন অভিযান চালিয়ে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতাকামী কণ্ঠ স্তব্ধ করে দেয়া যাবে না বরং এর ফলে তারা তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে আরো বেশি প্রতিশ্রুতিবদ্ধ হবে।#
পার্সটুডে/এমএমআই/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।