হতাহতের খবর নেই
দক্ষিণ লেবাননে ভারী কামানের গোলাবর্ষণ করল ইসরাইল
-
লেবানন সীমান্তে মোতায়েন ইসরাইলি ট্যাংক (ফাইল ছবি)
ইহুদিবাদী ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের একটি এলাকায় ভারী কামানের গোলাবর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন জানিয়েছে, আজ (সোমবার) ভোরে দক্ষিণ লেবাননের মাজদাল এলাকা এবং জিবকিন শহরের মধ্যবর্তী অঞ্চলে গোলাবর্ষণ করে ইসরাইল।
এ সময় ইহুদিবাদী সেনারা ভারী কামানের ২৩টি গোলাবর্ষণ করে বলে কোনো কোনো সূত্র জানিয়েছে। তবে এসব হামলায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
ওই হামলার কয়েক ঘণ্টা আগে দক্ষিণ লেবাননের ওই এলাকা থেকে ইসরাইল অভিমুখে একটি রকেট নিক্ষেপ করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। রকেটটি একটি খোলা প্রান্তরে আঘাত হানে।
১৯৬৭ সালে ইহুদিবাদী ইসরাইল লেবাননের শেবা কৃষি খামার দখল করে নেয়ার পর থেকে তেল আবিবের সঙ্গে বৈরুত কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে। এখন পর্যন্ত ওই কৃষি খামার ফেরত দেয়নি দখলদার সরকার।
২০০০ সাল শুরু হওয়ার আগে একবার এবং ২০০৬ সালে আরেকবার দক্ষিণ লেবাননে আগ্রাসন চালায় ইহুদিবাদী ইসরাইল। দু’বারই লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে মারাত্মকভাবে পরাজিত হয়ে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় তেল আবিব।#
পার্সটুডে/এমএমআই/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।