হিজবুল্লাহর প্রিসিশন গাইডেড মিসাইল ইসরাইলের যেকোন জায়গায় আঘাত হানতে পারে
https://parstoday.ir/bn/news/west_asia-i111978-হিজবুল্লাহর_প্রিসিশন_গাইডেড_মিসাইল_ইসরাইলের_যেকোন_জায়গায়_আঘাত_হানতে_পারে
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর নির্বাহী সহকারী মোহাম্মদ ইয়াকি বলেছেন, তার সংগঠনের হাতে এমন প্রিসিশন গাইডেড মিসাইল রয়েছে যা ইহুদিবাদী ইসরাইলের জল-স্থল যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। তিনি বলেন, এ বিষয়ে তেল আবিবের কর্মকর্তারাও খুব ভালোভাবে সচেতন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৬, ২০২২ ০৭:৫৩ Asia/Dhaka
  • হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র
    হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর নির্বাহী সহকারী মোহাম্মদ ইয়াকি বলেছেন, তার সংগঠনের হাতে এমন প্রিসিশন গাইডেড মিসাইল রয়েছে যা ইহুদিবাদী ইসরাইলের জল-স্থল যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। তিনি বলেন, এ বিষয়ে তেল আবিবের কর্মকর্তারাও খুব ভালোভাবে সচেতন।

আরবি সংবাদ মাধ্যম আল-সিয়াসি নিউজ ওয়েবসাইটকে হিজবুল্লাহর কর্মকর্তা এসব কথা বলেন।

ইহুদিবাদী ইসরাইল ও লেবাননের মধ্যকার সম্ভাব্য সংঘর্ষের প্রশ্নে তিনি বলেন, "আমি মনে করি যুদ্ধ শুরুর প্রথম কয়েক ঘণ্টার মধ্যে জল, স্থল এবং আকাশে বিষয়টি নির্ধারিত হয়ে যাবে।"

মোহাম্মদ ইয়াকি বলেন, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা সম্পর্কে ইসরাইল জানে। তিনি বলেন, "আমাদের যে শক্তি আছে আমরা সেই সম্পর্কেই কথা বলি এবং আমরা কখনোই পিছু হটে আসবো না।" তিনি আরো বলেন, "ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যদি আমরা বিজয়ী হতে পারি তাহলে তাতে পুরো মুসলিম উম্মাহ বিজয়ী হবে।"

লেবাননের তেল ও গ্যাসসহ সমস্ত প্রাকৃতিক সম্পদ রক্ষার ক্ষেত্রে হিজবুল্লার দায়িত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/১৬