বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়া থেকে তুরস্কে গম পাচার করছে
বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা গোটা সিরিয়া থেকে ব্যাপক পরিমাণে গম তুরস্কে পাচার করছে। আরবিভাষী শাম টাইমস নিউজ নেটওর্য়াক কয়েকটি সূত্রের বরাত দিয়ে আজ (রোববার) এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত নুসরা ফ্রন্টসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী টনকে টন গম তুরস্কে পাচার করছে।
অস্থিতিশীলতার কারণে যখন সিরিয়ার গম উৎপাদন কয়েক দশকের মধ্যে সবচেয়ে নীচে নেমে এসেছে তখন এ খবর প্রকাশিত হলো। দায়েশের সঙ্গে অবৈধ তেল পাচার বাণিজ্যে তুর্কি সরকার জড়িত রয়েছে বলে বহুবার অভিযোগ শোনা গেছে। এবারে গম পাচারের সঙ্গেও তুর্কি সরকার জড়িত থাকার অভিযোগ উঠল।
এর আগে সিরিয়ার দায়েশ অধিকৃত এলাকাগুলো থেকে তেলবাহী ট্যাংকার বহরের তুরস্ক সীমান্ত অভিমুখে যাওয়ার ছবি প্রকাশ করেছে রাশিয়া। এ ছাড়া, সীমান্ত পথে সিরিয়ায় অস্ত্র পাচারেও তুরস্ক জড়িত রয়েছে বলে খবর পাওয়া গেছে।#
পার্সটুডে/মূসা রেজা/১২