সিরিয়ায় দায়েশ অবস্থানে হামলার দাবি তুরস্কের !!
সিরিয়ার উত্তরাঞ্চলে দায়েশ অবস্থানে হামলার দাবি করেছেন তুরস্কের কর্মকর্তারা। বার্তা সংস্থা আনাতোলি জানিয়েছে, তুরস্কের সেনাবাহিনীর গোলন্দাজ ইউনিট আবারো সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটির উত্তরাঞ্চলে হামলা চালিয়ে অন্তত আট দায়েশ সন্ত্রাসীকে হত্যা করেছে।
তুরস্কের নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন, তারা কেবল দায়েশ অবস্থানে হামলা চালাচ্ছে এবং এ পর্যন্ত এ গোষ্ঠীর ১১টি আস্তানা ধ্বংস করা হয়েছে। তারা আরো বলেছেন, এসব হামলায় দায়েশের অনেক অস্ত্রশস্ত্রও ধ্বংস করা হয়েছে।
তুর্কি বিমান বাহিনী গতকাল (রবিবার) দাবি করেছে সিরিয়ার উত্তরে হামলা চালিয়ে তারা দায়েশের অন্তত ৩০ সদস্যকে হত্যা করেছে।
তুরস্ক এমন সময় দায়েশ অবস্থানের ওপর হামলা চালানোর দাবি করেছে যখন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মোয়াল্লেম সম্প্রতি জাতিসংঘে লেখা চিঠিতে অভিযোগ করেছেন আলেপ্পোর উপকণ্ঠে বেসামরিক মানুষের ওপর সন্ত্রাসী হামলার পেছনে তুরস্কের হাত রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা, তুরস্কসহ পাশ্চাত্য ও রাজতন্ত্র শাসত কয়েকটি আরব দেশের অস্ত্র ও অর্থ সহায়তায় দায়েশ সন্ত্রাসীরা ইরাক, সিরিয়াসহ সমগ্র ওই অঞ্চলকে বিরান ভূমিতে পরিণত করেছে। #
পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/১৩