ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদন প্রকাশ
নির্বিচারে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের কারণে ২০২২ সাল ছিল সবচেয়ে খারাপ বছর
ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ছিল ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে খারাপ বছর। কারণ ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের ওপর সহিংস হামলা চালানোর পাশাপাশি বিভিন্ন শহরের বহু ঘরবাড়ি ধ্বংস করেছে।
অবৈধ ইহুদি বসতি নির্মাণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলিদের সবচেয়ে জঘন্যতম একটি কাজ। ইসরাইল প্রতিষ্ঠার শুরু থেকেই ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের ভূমির ওপর দখলদারিত্ব পাকাপোক্ত করার জন্য দীর্ঘ মেয়াদি উপশহর নির্মাণের এ কৌশল অবলম্বন করে। এরই অংশ হিসেবে তারা ভৌগোলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ এলাকা, পানির উৎসভূমি, আবাদযোগ্য কৃষিজমি এবং সহজে সমুদ্র পথে, স্থল পথে ও ধর্মীয় স্থাপনায় যাবার জন্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করে সেখানে তারা ইহুদিবসতি নির্মাণ করে চলেছে।
ইসরাইলিরা মনে করে এভাবে জায়গা দখল ও ইহুদি অভিবাসীদের জন্য বসতি নির্মাণ করা হলে এখান থেকে তাদেরকে উৎখাত করার আর কোনো সুযোগ কারো থাকবে না এবং তারা সেখানে স্থায়ীভাবে থাকবে। এরই মধ্যে পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মোকাদ্দাস এলাকায় দখলিকৃত প্রায় ২৫০টি উপশহরে ৬০০ থেকে ৭৫০ হাজার ইহুদি অভিবাসী সেখানে বসবাস শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ২০২২ সালে ফিলিস্তিনিদের ৯৫৩টি বাড়ি ধ্বংস করেছে যার ৮০ শতাংশই ছিল পশ্চিম তীরে। অনুমতি না থাকার মিথ্যা অভিযোগ তুলে দখলদার ইসরাইল এসব ঘরবাড়ি ধ্বংস করে। অথচ ইসরাইল ফিলিস্তিনিদের জন্য ঘরবাড়ি তৈরির অনুমতি দেবে এটা ছিল অসম্ভব কল্পনা। ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরাইল যে ১০১টি বাড়ি ধ্বংস করেছে তা ছিল ফিলিস্তিনিদের জন্য ইউরোপীয় দেশগুলোর সাহায্যে তৈরি করা ঘরবাড়ি যার মূল্য ছিল তিন লাখ ৩৭ হাজার পাউন্ড। এ ছাড়া ইসরাইল ২০১৬ সালে ফিলিস্তিনিদের যে ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছিল তাও ছিল নজিরবিহীন।
গত বছর ইহুদিবাদীরা যখন ফিলিস্তিনিদের বিরাট সংখ্যক ঘরবাড়ি ধ্বংস করেছে তখন ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে তীব্র উত্তেজনা চলছিল। এসময় ইসরাইলিরা জেনিন ও নাবলুসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং প্রায় প্রতিদিন ফিলিস্তিনিদের ওপর হামলা, গ্রেফতার ও হত্যার ঘটনা ঘটতো।
যাইহোক, চলতি বছরেও ইসরাইলি বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে। নেতানিয়াহুর মন্ত্রীসভার দুই সদস্য জেনারেল ইসমুতরিচ ও ইতমার বেন গুইর ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় বড় ভূমিকা রাখছে, তারা প্রকাশ্যে পশ্চিম তীরে আরো ইহুদি উপশহর নির্মাণের ঘোষণা দিয়েছে। তারা এও বলেছে, ফিলিস্তিনিরা ভুলক্রমে এখানে রয়েছে কারণ বেনগুরিয়ানের কাজ অসমাপ্ত ছিল।
এ অবস্থায় ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংসে ইসরাইলের ভূমিকার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদন গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/০২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।