দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নই লক্ষ্য
সৌদি আরবে ঐতিহাসিক সফরে হামাসের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
-
সৌদি আরবে হামাস প্রতিনিধি দল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামী প্রতিরোধকামী সংগঠন হামাসের শীর্ষ পর্যায়ের নেতারা সৌদি আরব সফরে গেছেন। দুই পক্ষ সম্প্রতি সম্পর্ক পুনর্বহালের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠার পর হামাস প্রতিনিধি দলের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
ফিলিস্তিনের গণমাধ্যম খবর দিয়েছে যে, সৌদি সফরে হামাসের প্রতিনিধি দলে রয়েছেন সংগঠনের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া, সাবেক প্রধান খালেদ মাশাআল, শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মুসা আবু মারজুক এবং খলিল আল-হাইয়া। গতকাল (সোমবার) শেষ বেলায় তারা সৌদি আরবের জেদ্দা নগরীতে পৌঁছান।
সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, হামাস নেতারা পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে ওমরাহ পালন করবেন।
২০০৭ সালে ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের পর হামাসের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের অবনতি হয়। সে সময় গাঁজা উপত্যকায় মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলনের সাথে হামাস যোদ্ধাদের সংঘর্ষ হয়েছিল। তবে ২০১৫ সালে হামাসের শীর্ষ নেতা হিসেবে খালেদ মাশাআল সর্বশেষ সৌদি আরব সফর করেন।
২০১৯ সালে সৌদি আরবে অবস্থানরত হামাসের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে সৌদি সরকার। রিয়াদ সে সময় দাবি করে যে, হামাসের এসব নেতাকর্মী সৌদি শাসন ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করছেন।
সাম্প্রতিক দিনগুলোতে হামাসের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের জন্য সৌদি নেতাদের কাছে বার্তা দেয়া হয়েছে। অন্যদিকে, সৌদি কারাগার থেকে মোঃ আল-খুদারিসহ হামাসের বেশ কয়েকজন নেতাকে মুক্তি দেয়া হয়।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/১৮