বাহরাইনের রাজনৈতিক জোটকে নিষিদ্ধ করার নিন্দা করল ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি
বাহরাইনের প্রধান বিরোধী রাজনৈতিক জোট আল-ওয়েফাককে নিষিদ্ধ করার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি বৃহস্পতিবার বলেছেন, বাহরাইনের আলে খলিফা সরকারের এ পদক্ষেপের কারণে দেশটির সংকট আরো জটিল হবে।
জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর নিরাপত্তা বাহিনীর বাড়াবাড়ির জন্য জাবেরি বাহরাইন সরকারকে অভিযুক্ত করেন। তিনি বলেন, বাহরাইন সরকার রাজনৈতিক নেতা ও মানবাধিকার কর্মীদেরকে কারাদণ্ড এবং কার্যালয় বন্ধ করে দিয়ে নিপীড়ন অব্যাহত রেখেছে। বাহরাইন সরকারের এই মনোভাব দেশটির অভ্যন্তরীণ জটিলতা বাড়িয়ে তুলবে।
জাবেরি আনসারি আশা প্রকাশ করেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আলে খলিফা সরকার উদ্যোগ নেবে। এছাড়া, আস্থা প্রতিষ্ঠা ও সংকট সমাধানের বিষয়ে বিরোধী দলের সঙ্গে আন্তরিক সংলাপের আয়োজন করবে বলেও আশা করেন তিনি। মঙ্গলবার বাহরাইনের আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে শিয়া নেতৃত্বাধীন আল-ওয়েফাকের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬