রোববার আসছে ইসরাইল-তুরস্ক সম্পর্ক স্বাভাবিকের ঘোষণা
আগামী রোববার ইহুদিবাদী ইসরাইল ও তুরস্ক নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেবে। এ সমঝোতার ফলে দু পক্ষের মধ্যকার গত ছয় বছরের শীতল সম্পর্কের অবসান হবে। তুরস্কের দৈনিক হুররিয়াত পত্রিকা বলেছে, আগামী ২৬ জুন দু পক্ষ এ ইস্যুতে চূড়ান্ত আলোচনা করে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেবে।
২০০৯ সালে অবরুদ্ধ গাজা উপত্যকায় তুর্কি মানবাধিকার কর্মীদের ত্রাণবহরে ইসরাইলি কমান্ডো হামলার কারণে তুরস্ক ও ইসরাইলের মধ্যে সম্পর্ক অনেকটা তিক্ত হয়ে ওঠে। এ ঘটনায় ইসরাইল ২০১০ সালে তুরস্কের কাছে ক্ষমতা চাইতে অস্বীকার করলে সম্পর্ক স্থগিত করে এবং তুর্কি সরকার ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।
তুরস্ক শর্ত দিয়েছিল- ইসরাইল ক্ষমা চাইলে এবং ক্ষতিপূরণ দিলে সম্পর্ক স্বাভাবিক করা হবে। এর সঙ্গে গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে হবে। বিভিন্ন খবরে দাবি করা হচ্ছে, ইসরাইল প্রথম দুটি শর্ত মেনে নিয়েছে এবং তৃতীয়টি বাস্তবায়নে উদ্যোগ নেবে বলে কথা দিয়েছে।
যখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো কাজ করছে এবং এ ইস্যুতে ইসরাইল ও তুরস্ক একই দৃষ্টিভঙ্গি পোষণ করছে তখন আংকারা ও তেল আবিব সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১