বাহরাইনের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে: আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i12805-বাহরাইনের_রাজনৈতিক_পরিস্থিতি_উত্তপ্ত_হচ্ছে_আন্তর্জাতিক_মহলের_প্রতিক্রিয়া
জাতিসংঘ মহাসচিবের উপদেষ্টা আদামা দিয়েং বাহরাইনের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৩, ২০১৬ ১৪:১০ Asia/Dhaka

জাতিসংঘ মহাসচিবের উপদেষ্টা আদামা দিয়েং বাহরাইনের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।

তিনি বাহরাইনে সরকার বিরোধীদের দমন করার জন্য সেখানে জাতিগত শুদ্ধি অভিযানের আশঙ্কা ব্যক্ত করেছেন। জাতিসংঘের এ কর্মকর্তা রাজতান্ত্রিক বাহরাইন সরকারকে সেদেশের জনগণের জন্য বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার দেয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন, দমন-পীড়ন করে জনগণের ক্ষোভ বন্ধ করা যাবে না বরং তাতে আরো বাড়বে। বাহরাইনে শিয়া ধর্মীয় নেতা শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার সিদ্ধান্তকে জাতিসংঘ ব্যাখ্যার অযোগ্য পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতরের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় বলেছেন, বিচারিক কাজ সম্পাদন না করেই এ ধর্মীয় নেতার নাগরিকত্ব কেড়ে নেয়ার সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা থাকতে পারে না এবং এটা অন্যায় ও অন্যায্য কাজ।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার কথা জানানোর পর দেশটির ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও প্রতিক্রিয়া হয়েছে। নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার ব্যাপারে পাশ্চাত্যের দেশগুলোর নীরবতার তীব্র সমালোচনা করে বলেছে, বাহরাইন সরকারকে অবশ্যই এ পদক্ষেপ থেকে আসার পাশাপাশি সেদেশে আটক সব মানবাধিকার কর্মীকে ছেড়ে দিতে হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, বাহরাইনের প্রধান রাজনৈতিক জোট আল-ওয়েফাকের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে দেশটির রাজতান্ত্রিক আলে খলিফার সরকার। একইসঙ্গে এ জোটের সমস্ত সম্পদ জব্দেরও নির্দেশ দেয়া হয়েছে।

বাহরাইন সরকারের বিরুদ্ধে দেশটির জনগণ আরো ক্ষিপ্ত হয়ে ওঠায় এবং আন্দোলন আরো বেগবান হওয়ায় বাহরাইনের মিত্র দেশগুলোও আলে খলিফা সরকারের সমালোচনা করতে বাধ্য হয়েছে। এ ব্যাপারে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি বাহরাইনের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার ঘটনাকে জুলুম হিসেবে অভিহিত করেছেন। তিনি ঈসা কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার সিদ্ধান্ত বাতিল করার জন্য মানামা সরকারের প্রতি আহবান জানান।

ইউরোপীয় পার্লামেন্টের গ্রিন পার্টির প্রধান রেবেকা হারমেস বাহরাইনের জনপ্রিয় শিয়া আলেমের নাগরিকত্ব বাতিলের পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন অভিহিত করে বলেছেন, এর ফলে দেশটির পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। তিনি শেখ ঈসা কাসেমের ব্যাপারে সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করার জন্য বাহরাইন সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

এদিকে, ইউরোপীয় পার্লামেন্টে ফ্রান্সের প্রতিনিধি ব্র্যানো গোলনিশও এ ব্যাপারে বলেছেন, শেখ ঈসা কাসেমের মতো এতবড় জনপ্রিয় ধর্মীয় নেতাকে কিসের ভিত্তিতে সরকার তার নাগরিকত্ব বাতিল করতে পারে তা ভাবা যায় না। তিনি বাহরাইনের সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকারের প্রতি সম্মান দেখানোর জন্য সেদেশের সরকারের প্রতি আহবান জানান।

জাতিসংঘের মানবাধিকার পরিষদে আমেরিকার প্রতিনিধি কেট হারপারও নীরবতা ভঙ্গ করে শেখ ঈসা কাসেমের নাগরিকত্ব বাতিলের নিন্দা জানিয়েছেন। তিনি টুইটার বার্তায় বলেছেন, বাহরাইন সরকারের এ পদক্ষেপের ফলে জনগণ সংস্কার ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির অবস্থান থেকে সরে আসতে পারে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেছেন, বাহরাইনের ঘটনায় আমরা উদ্বিগ্ন। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা ও ইউরোপীয় সরকারগুলো বাহরাইনের আলে খলিফা সরকারের সমালোচনা করলেও তারাই আবার দীর্ঘদিন ধরে বাহরাইন সরকারের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে। #

পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/২৩