ইসরাইলি দখলদারিত্ব শেষ হলে সন্ত্রাসবাদ বন্ধ হবে: আব্বাস
-
মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান হলে পুরো বিশ্ব থেকে সন্ত্রাসবাদ নির্মূল হতে পারে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরাইল ‘উন্মুক্ত কারাগার’ বানিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে এক দীর্ঘ বক্তৃতায় মাহমুদ আব্বাস এসব কথা বলেছেন। এসময় তিনি ইসরাইলের ফ্যাসিস্ট নীতি ও সন্ত্রাসবাদের অব্যাহত উস্কানির নিন্দা জানান। তিনি বলেন, ইসরাইলের সিনিয়র নেতারাও বেনিয়ামিন নেতানিয়াহুর অনুসৃত নীতির কঠোর সমালোচনা করছেন।
১৯৬৭ সালের পর থেকে গাজা উপত্যকার ওপর ইসরাইলের তিনটি যুদ্ধ চাপিয়ে দেয়ার কথা উল্লেখ করে মাহমুদ আব্বাস বলেন, এসব যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং দশ লাখের বেশি ফিলিস্তিনিকে কারাগারে আটক করা হয়েছে।
তিনি বলেন, “ইসরাইল আমাদের দেশকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে।” এ অবস্থা থেকে মুক্তি পাওয়া এবং ইসরাইলি দখলদারিত্বের অবসানের জন্য তিনি ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেন। তিনি আবারো জোর দিয়ে বলেন, ইসরাইলি দখলদারিত্বের অবসান হলে মধ্যপ্রাচ্য ও পুরো বিশ্ব থেকে সন্ত্রাসবাদ দূর হবে।
মাহমুদ আব্বাস বলেন, সপ্তাহখানেক আগে ইসরাইলের কয়েকজন ইহুদিবাদী রাবাই বা পুরোহিত তাদের সরকারকে পানিতে বিষ মিশিয়ে দিয়ে ফিলিস্তিনের জনগণকে হত্যা করার পরামর্শ দিয়েছে। এ ঘটনা কী প্রমাণ করে না যে, তারা ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর উসকানি দিচ্ছেন? #
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪