‘গাজার ঐতিহাসিক ঘটনাবলী’ নিয়ে আলোচনা
লেবাননের হিজবুল্লাহ মহাসচিবের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ লেবানন সফরকারী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে ‘গাজার ঐতিহাসিক ঘটনাবলী’ নিয়ে আলোচনা করেছেন। গতকাল (শুক্রবার) হিজবুল্লাহর গণযোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে আল-মানার টিভি এ খবর দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার হিজবুল্লাহ মহাসচিবের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সহকারী মেহদি শুশতারি ও বৈরুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মুজতবা আমিনি আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে ছিলেন।
সাইয়্যেদ নাসরুল্লাহ ও আমির-আব্দুল্লাহিয়ান ইসরাইল-গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং পশ্চিম তীরের আল-আকসা মসজিদ ও সংলগ্ন এলাকায় চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।
হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নীতি-অবস্থান এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়। গাজায় চলমান পরিস্থিতিতে কার কী দায়িত্ব পালন করা উচিত তা নিয়ে কথা বলেন হিজবুল্লাহ মহাসচিব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তিন আঞ্চলিক দেশ ইরাক, লেবানন ও সিরিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছান। দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি হিজবুল্লাহার নেতাদের সঙ্গে জরুরি আলাপ সেরে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী দামেস্কের উদ্দেশ্যে বৈরুত ত্যাগ করেন।#
পার্সটুডে/এমএমআই/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।