লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাসের চেয়ে ১০ গুণ শক্তিশালী: ইসরাইলি যুদ্ধমন্ত্রী
-
ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োআভ গালান্ত
দখলদার ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োআভ গালান্ত বলেছেন, লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাসের চেয়ে দশ গুণ শক্তিশালী। কাজেই হিজবুল্লাহর সঙ্গে সংঘাত অনেক বেশি কঠিন হবে। ইসরাইলি গণমাধ্যম আজ (বৃহস্পতিবার) এ খবর দিয়েছে।
ইসরাইলি যুদ্ধমন্ত্রী শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে আরও বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধটা অনেক বেশি কঠিন হবে, এ কারণে উত্তর ফ্রন্টে যুদ্ধের জন্য বড় ধরণের প্রস্তুতি জরুরি। তিনি দ্রুততার সঙ্গে উত্তর ফ্রন্টে রিজার্ভ সেনাদের মোতায়েন এবং যুদ্ধ সরঞ্জাম স্থানান্তরের কাজ সম্পন্ন করার দাবি জানান। দখলদার ইসরাইলের উত্তর সীমান্তে দক্ষিণ লেবানন অবস্থিত। সেখানে এরিমধ্যে থেমে থেমে হিজবুল্লাহর সঙ্গে দখলদার ইসরাইলের সংঘর্ষ চলছে।
এদিকে, দখলদার ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা ফ্রন্টের প্রধান স্বীকার করেছেন, দক্ষিণ ফ্রন্টের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ব্যর্থ হয়েছেন। এ কারণে তাদের ওপর ইসরাইলি জনগণের আস্থা নেই। গাজায় হামলা চালিয়ে বড় ধরণের পরিবর্তন আনা সম্ভব না হলে ইসরাইলিরা আতঙ্কের কারণে ঘরে ফিরবে না।
ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন, গাজায় স্থল হামলা চালানো ছাড়া তাদের সামনে ভিন্ন কোনো উপায় নেই। কারণ গাজায় পরিপূর্ণ বিজয় অর্জন সম্ভব না হলে ইসরাইলের অবস্থান ও কৌশলগত পরিকল্পনাগুলো ভঙ্গুর অবস্থাতেই রয়ে যাবে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা বিশেষকরে হামাস আল-আকসা তুফান অভিযান চালিয়ে দখলদার ইসরাইলের ভিত নড়বড়ে করে দিয়েছে। ঐ হামলার পর থেকে কাপুরুষোচিতভাবে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর নির্মম হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী।#
পার্সটুডে/এসএ১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।