ইসরাইলকে একা ছেড়ে যাবে না আমেরিকা: ব্লিঙ্কেন
৯,২৫০ ফিলিস্তিনির শাহাদাত: ইসরাইলিদের লাশ পাঠানোর হুঁশিয়ারি হামাসের
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা ৯,২০০ জন ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে প্রায় চার হাজার শিশু রয়েছে। এদিকে উপত্যকার গাজা সিটি সম্পূর্ণভাবে ঘেরাও করে ফেলেছে ইসরাইলি স্থল বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) জানিয়েছে, গত ২৮ দিনের ইসরাইলি বোমাবর্ষণে ৩,৮২৬ শিশু ও ২,৪০৫ নারীসহ মোট ৯,২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, আরো ২,১০০ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন যাদের প্রায় সবাই ইসরাইলি হামলায় বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে রয়েছেন বলে ধারনা করা হচ্ছে। তাদের কারো কারো জীবিত থাকার আশা থাকলেও বেশিরভাগেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া নিরবচ্ছিন্ন এই বিমান হামলায় আহত হয়েছেন অন্তত ২৩,০০০ ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল (শুক্রবার) উত্তর গাজা থেকে প্রাণভয়ে দক্ষিণ গাজায় পালিয়ে যাওয়ার সময় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এর আগে ইসরাইলি বাহিনী যে সড়কটি ধরে উত্তর গাজা থেকে নিরাপদে দক্ষিণ গাজায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল সেই সালাহউদ্দিন সড়কে শুক্রবারের পাশবিক হামলাটি চালানো হয়।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালে এসে আহত রোগীদের জন্য রক্ত দিতে সুস্থ গাজাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া, উপত্যকার বাইরে থেকে গাজায় রক্ত পাঠাতে আন্তর্জাতিক রেড ক্রসের প্রতিও আহ্বান জানিয়েছেন গাজার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
ইসরাইলকে একা ছেড়ে যাবে না আমেরিকা: ব্লিঙ্কেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল (শুক্রবার) যুদ্ধ শুরু হওয়ার পর তৃতীয়বারের মতো তেল আবিব সফর করেন। তিনি ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কখনও ইসরাইলকে একা ছেড়ে দেবে না।
ফিলিস্তিনি জনগণের ওপর গত ৭৫ বছরের ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইসরাইলের শুধু আত্মরক্ষার অধিকারই রয়েছে তাই নয় বরং আত্মরক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে। অবরুদ্ধ গাজাবাসীর ওপর আকাশ, সাগর ও স্থলপথে ভয়াবহ হামলাকে ওয়াশিংটন ও তেল আবিব ‘ইসরাইলের আত্মরক্ষার অধিকার’ বলে দাবি করে আসছে।
কালো ব্যাগে করে ইসরাইলে ফেরত যাবে দখলদার সেনারা
অন্যদিকে হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় অনুপ্রবেশকারী ইসরাইলি সেনারা ‘কালো ব্যাগে’ করে ফেরত যাবে। গাজা ইসরাইলের ইতিহাসে অভিশাপ হয়ে থাকবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন। ইসরাইলি সেনারা যখন চারদিক দিয়ে গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটি ঘেরাও করে ফেলার খবর দিয়েছে তখন হামাসের সামরিক মুখপাত্র এ হুঁশিয়ারি দিলেন। #
পার্সটুডে/এমএমআই/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।