ইসরাইলি হামলায় ১০০'রও বেশি জাতিসংঘ-কর্মী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i130602-ইসরাইলি_হামলায়_১০০'রও_বেশি_জাতিসংঘ_কর্মী_নিহত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গত এক মাসেরও বেশি সময় ধরে চলা পাশবিক আগ্রাসনে জাতিসংঘের অন্তত ১০০ কর্মী নিহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১১, ২০২৩ ০৭:০৯ Asia/Dhaka
  • ইসরাইলি হামলায় ১০০'রও বেশি জাতিসংঘ-কর্মী নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গত এক মাসেরও বেশি সময় ধরে চলা পাশবিক আগ্রাসনে জাতিসংঘের অন্তত ১০০ কর্মী নিহত হয়েছেন।

এই বিশ্ব সংস্থার ফিলিস্তিন শাখা- আনরোয়া (UNRWA) গতকাল (শুক্রবার) এক ঘোষণায় বলেছে, গত এক মাসে তাদের কমপক্ষে ১০০ কর্মী নিশ্চিতভাবে নিহত হয়েছেন।

আনরোয়া বলেছে, নিহতদের কয়েকজন বেকারিতে রুটি কেনার লাইনে দাঁড়িয়ে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন এবং বাকিরা পরিবার পরিজনসহ দখলদারদের পাশবিক বিমান হামলায় নিজেদের বাসাবাড়ির নীচে চাপা পড়ে পরকালে পাড়ি জমিয়েছেন। আনরোয়ার পরিচালক ফিলিপ লাজ্জারিনি বলেছেন, তাদের যেসব কর্মী নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স, শিক্ষক, অভিভাবক ও সহযোগী স্টাফ।

এদিকে জর্দানের রাজধানী আম্মানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা ভল্কার তুর্ক বলেছেন, গাজায় জাতিসংঘ কর্মীদের নিহত হওয়ার ঘটনা ‘নজিরবিহীন, আপত্তিকর ও অত্যন্ত হৃদয়বিদার।’ এছাড়া, জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান কর্মকর্তা মার্টিন গ্রিফিটস বলেছেন, এই দুঃখজনক খবরে তিনি ‘অত্যন্ত মর্মাহত’ হয়েছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী, উদ্ধার ও ত্রাণ তৎপরতায় জড়িত জাতিসংঘ কর্মীদের ওপর যুদ্ধসহ কোনো অবস্থায়ই হামলা করা যায় না।

গত ৭ অক্টোবর থেকে গতকাল (শুক্রবার) পর্যন্ত গাজার ১৫ হাজারেরও বেশি জায়গায় হামলার কথা স্বীকার করেছে ইসরাইল। শহীদ হয়েছেন অন্তত ১১ হাজার ফিলিস্তিনি যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর হামলা শুরুর পর গাজায় এ পর্যন্ত ৩২ হাজার টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েলি বাহিনী। প্রাথমিক হিসাব অনুযায়ী, আবাসন ও অবকাঠামো খাতের প্রতিটিতে ২০০ কোটি ডলার করে ক্ষতি হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।