গাজায় গণহত্যা বন্ধ না হলে যুদ্ধের বিস্তার অনিবার্য হয়ে পড়বে: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i130906-গাজায়_গণহত্যা_বন্ধ_না_হলে_যুদ্ধের_বিস্তার_অনিবার্য_হয়ে_পড়বে_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ না কররলে গাজা যুদ্ধের বিস্তার কেউ ঠেকাতে পারবে না।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
নভেম্বর ১৮, ২০২৩ ০৯:১৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ না কররলে গাজা যুদ্ধের বিস্তার কেউ ঠেকাতে পারবে না।

গতকাল (শুক্রবার) ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সরাসরি যোগাযোগের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, তৃতীয় চানেলের মাধ্যমে ইরান মার্কিন সরকারকে এই বার্তা দিয়েছে যে, গাজা যুদ্ধের এর চেয়ে বেশি বিস্তার হোক তা তেহরান চায় না।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে তেহরানে মার্কিন স্বার্থ রক্ষাকারী সুইস দূতাবাসের মাধ্যমে ইরান ও মার্কিন সরকারের মধ্যে কয়েকবার বার্তা বিনিময় হয়েছে।

তিনি বলেন, “মার্কিনীদের বক্তব্যের জবাবে আমরা বলেছি, ইরান এ যুদ্ধের বিস্তার চায় না। কিন্তু আমেরিকা ও ইসরাইল মধ্যপ্রাচ্যের ব্যাপারে যে নীতি অনুসরণ করছে, তাতে তারা যদি পশ্চিম তীর ও গাজাবাসীর বিরুদ্ধে অপরাধযজ্ঞ বন্ধ না করে তাহলে যেকোনো কিছু ঘটে যেতে পারে। সেক্ষেত্রে একটি বিশাল আকারের যুদ্ধ অনিবার্য হয়ে পড়বে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “মার্কিনীরা গত তিন দিন আগে আমাদের একটি বার্তা দিয়ে দাবি করেছে, তারা গাজায় যুদ্ধবিরতি চায় এবং এ লক্ষ্যে তারা প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু তারা মুখে যখন একথা বলছে তখন বাস্তবে তার কোনো  লক্ষণ দেখা যাচ্ছে না বরং তারা গাজাবাসীর ওপর গণহত্যাকে সমর্থন দিয়ে যাচ্ছে। ”#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।