ইয়েমেনে ইঙ্গো-মার্কিন হামলা
জাতিসংঘে আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে চীন-রাশিয়ার কথা কাটাকাটি
ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর ওপর হামলা চালানোর জন্য জাতিসংঘে আমেরিকা এবং ব্রিটেনের কড়া সমালোচনা করেছে রাশিয়া ও চীন। তারা দাবি করেছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে ইয়েমেনে হুথিদের সামরিক স্থাপনায় বেআইনিভাবে হামলা করেছে আমেরিকা ও ব্রিটেন। এর পাল্টা জবাব দেন মার্কিন ডেপুটি রাষ্ট্রদূত রবার্ট উড এবং ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড।
এই দুই কূটনীতিক দাবি করেন, হুথিদের হামলা বেআইনি। তাদের বিরুদ্ধে আমেরিকা ও ব্রিটেন আত্মরক্ষার জন্য উপযুক্ত এবং আইনগত ব্যবস্থা নিয়েছে। উডওয়ার্ড বলেন, হুথিদের আক্রমণের কারণে বৈশ্বিক শিপিং লাইনের খরচ বেড়েছে। ওই অঞ্চলে খাদ্য ও মানবিক সহায়তার মূল্যও বৃদ্ধি পেয়েছে।
জবাবে জাতিসংঘে নিযুক্ত রুশ উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিনস্কি এবং চীনের রাষ্ট্রদূত ঝাং জুন যুক্তি তুলে ধরে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযানের অনুমোদন কখনোই দেয়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদের বৈঠকে দু পক্ষের মধ্যে এভাবে বাদানুবাদ হয়।#
পার্সটুডে/এসআইবি/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।