'আমরা হামাস নেতা সিনওয়ারকে আধুনিক-সালাহউদ্দিন আইয়ুবিতে পরিণত করেছি'
'ফিলিস্তিনের অধিকারী আমরা নই'-এ অনুভূতি বাড়ছে ইসরাইলিদের
পার্সটুডে-একজন বিখ্যাত ইসরাইলি বিশ্লেষক স্বীকার করেছেন যে ইসরাইলের অস্তিত্ব টিকে থাকার ব্যাপারে ইসরাইলিদের মধ্যে আশাহীনতা ক্রমেই বাড়ছে।
ইসরাইলি শাসকগোষ্ঠীর অপরাধী চরিত্র গত ৭ অক্টোবরের পর থেকে বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে অতীতের যে কোনো সময়ের তুলনায়। ২০২৩ সালের ওই তারিখে ফিলিস্তিনিরা আল-আকসা তুফান নামক অভিযান চালায় ইসরাইলিদের বিরুদ্ধে। ফলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবৈধ রাষ্ট্র ইসরাইলের অনেক নীতি ব্যর্থতার মুখোমুখি হয়েছে।
পার্সটুডে জানিয়েছে, বিখ্যাত ইহুদিবাদী বিশ্লেষক বেন ক্যাসপিট ইসরাইলি দৈনিক মাআরিভে প্রকাশিত এক নিবন্ধে এটা স্বীকার করেছেন যে ইসরাইলের পতন ঘনিয়ে আসছে। তিনি লিখেছেন: বর্তমানে ইসরাইলের বিলুপ্তির বিষয়টি আবারও জোরদার হয়ে উঠেছে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আর ইসরাইলের শত্রুদের জন্য এটি অর্জনযোগ্য একটি বিষয়।
ক্যাপসিট লিখেছেন: দিনকে দিন সেইসব ইসরাইলির সংখ্যা বাড়ছে যারা বিশ্বাস করেন যে এখানে ইসরাইল তথা অধিকৃত ফিলিস্তিন ভবিষ্যৎ প্রজন্মদের বড় করার ও শিক্ষিত করার জন্য আর উপযুক্ত জায়গা নয়। এই ব্যক্তিরা এখন খুব জোর দিয়ে এটা বলছেন যে বর্তমান ইসরাইল এবং ৭৬ বছর আগে তাদের পিতৃকুলের মাধ্যমে প্রতিষ্ঠিত ইসরাইলের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে।
এ বিশ্লেষণ থেকে এটা অনস্বীকার্য যে ফিলিস্তিনে আসা ইহুদিবাদী ও ইহুদি অভিবাসীরা এটা বুঝতে পারছেন যে ফিলিস্তিনি ভূখণ্ড তাদের (অধিকারভুক্ত) নয়।
বেন ক্যাপসিট ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিআমিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে লিখেছেন, 'এটা স্পষ্ট যে এই ফেরিওয়ালা (নেতানিয়াহু) যে ইসরাইলকে পণবন্দি করেছেন তিনি আমাদের যে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন তা তথা নিষ্পত্তিমূলক বা সুস্পষ্ট বিজয়ও যদি আমরা অর্জন করি তাহলেও আমরা গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে আধুনিক যুগের সালাদিন তথা সালাহউদ্দিন আইয়ুবিতে পরিণত করেছি।তাত্ত্বিকভাবে তিনি ইসরাইলি ক্ষমতার ইতিহাসে এর ওপর সবচেয়ে যন্ত্রণাদায়ক আঘাত হেনেছেন। তিনি ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলোকে উপহাস করেছেন এবং ইসরাইলি সশস্ত্র বাহিনীর ওপর কর্তৃত্ব করতে সক্ষম হয়েছেন এবং ইসরাইলকে ধরাশায়ী করার বিন্দুতে আঘাত হেনে তেলআবিবের দুঃস্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন।'
ইসরাইলের এই বিশ্লেষকের মতে গাজার হামাস-প্রধান এখন ইসরাইলি সমাজের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছেন যা এখন ধসে পড়ছে এবং তিনি এর প্রতিটির মুহূর্তকে উপভোগ করছেন। তিনি এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি নিশ্চিত যে সময় এখন তাঁর অনুকূলে এগিয়ে চলছে এবং এটাও জানেন যে তাঁর নাম নিজ জনগণের ইতিহাসের ফলকে চিরতরে খোদাই হয়ে গেছে। #
পার্সটুডে/এমএএইচ/০৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।