দায়েশ কিংবা আমেরিকা কারোরই ঠাঁই নেই ইরাকে: কমান্ডার
ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের কমান্ডার হাদি আল-আমেরি বলেছেন, ইরাকের মাটিতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ কিংবা আমেরিকা কারোরই ঠাঁই নেই।
আমেরিকা সম্প্রতি ঘোষণা করেছে, সহিংসতা কবলিত ইরাকে আরো সেনা পাঠাবে ওয়াশিংটন। মার্কিন সরকারের এ ঘোষণার প্রতিবাদ ও সমালোচনা করে হাদি আল-আমেরি এ মন্তব্য করেছেন। সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার ঘোষণা করেন, ইরাকে আরো ৫৬০ জন সেনা পাঠানো হবে।
আমেরি ইরাকের মাটিতে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করে বলেছেন, ইরাকের জনগণ সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের জায়গায় মার্কিন সেনা উপস্থিতি দেখতে চায় না। “আমাদের সিদ্ধান্ত হচ্ছে ইরাক যেমন দায়েশ সন্ত্রাসীদের জন্য নয় তেমনি মার্কিন সেনাদের জন্যও নয়।”
নতুন করে যদি ইরাকে সেনা মোতায়েন করা হয় তাহলে দেশটিতে মার্কিন সেনা সংখ্যা হবে ৪,৬৪৭। আমেরি জোর দিয়ে বলেছেন, ইরাকের জনগণ তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ও সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করতে জানে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪