ইরাকের দিয়ালা প্রদেশে আবারো বোমা হামলা: নিহত ১৮
ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের একটি শহরে এক শক্তিশালী বোমা হামলায় অন্তত ১৮ ব্যক্তি নিহত হয়েছে। ইরান সীমান্তের কাছে অবস্থিত শহরটিতে চালানো এ হামলায় আরো ২৩ ব্যক্তি আহত হয়।
প্রাদেশিক রাজধানী বাকুবার ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে আল-খালিস শহরে আজ (সোমবার) সকালে এ বিস্ফোরণ ঘটে বলে কয়েকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে।
শহরের কৃষি অধিদপ্তরের প্রবেশ পথের কাছে অজ্ঞাত সন্ত্রাসীরা বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটালে এসব মানুষ হতাহত হয় বলে প্রাদেশিক কাউন্সিলের প্রধান ওমর মান আল-কোরাবি জানিয়েছেন। কোনো গোষ্ঠী এ বর্বরোচিত হামলার দায়িত্ব স্বীকার করে নি।
বাগদাদের কাদিমিয়া এলাকার প্রবেশ পথে অবস্থিত একটি নিরাপত্তা চৌকির কাছে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হওয়ার একদিন পর দেশটি থেকে নতুন করে এ হামলার খবর এলো। গতকালের হামলায় আরো অন্তত ৩১ ব্যক্তি আহত হয় বলে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছিলেন।#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৫