ফলাফল ছাড়াই শেষ হল ইয়েমেন আলোচনা; হামলায় নিহত ৫
দারিদ্র্য পীড়িত ইয়েমেনে সৌদি বাহিনীর জঙ্গি বিমান হামলায় নতুন করে আরো পাঁচ ব্যক্তি নিহত হয়েছে। ইয়েমেন সংকট অবসানের লক্ষ্যে কুয়েতে অনুষ্ঠিত শান্তি কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর সৌদি বাহিনী এ হামলা চালাল।
ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের একটি আবাসিক এলাকার ওপর সৌদি জঙ্গি বিমান বোমা বর্ষণ করলে এসব ব্যক্তি প্রাণ হারায় বলে দেশটির আল –মাসিরা টেলিভিশন চ্যানেল আজ (শুক্রবার) জানিয়েছে।
কুয়েতে অনুষ্ঠিত জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তি আলোচনায় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রতিনিধি এবং সৌদি মদদপুষ্ট দেশটির সাবেক পলাতক প্রেসিডেন্ট আব্দুরাব্বু মানসুর হাদির অনুগত প্রতিনিধি দলের মধ্যে বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর সৌদি বাহিনী নতুন করে ইয়েমেনের ওপর বোমা বর্ষণ শুরু করেছে।
হাদির দফতরের উপ পরিচালক আব্দুল্লাহ আল-ওলাইমি বলেছেন, শান্তি আলোচনা পুরোপুরি শেষ হয়ে গেছে। টুইটার বার্তায় দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা আমাদের জনগণের স্বার্থে আলোচনায় অংশ নিয়েছি এবং ধৈর্য ধারণ করেছি। আবার জনগণের স্বার্থেই আলোচনা ত্যাগ করেছি।’
এদিকে, শান্তি আলোচনা সুষ্ঠুভাবে আয়োজন করার স্বার্থে ইয়েমেনে গত ১০ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও সৌদি বাহিনী প্রায় প্রতিদিনই দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৯