সিরিয়ায় তুরস্কের উপস্থিতি নিয়ে ইসরায়েলের উদ্বেগ
-
সিরিয়ায় তুরস্কের উপস্থিতি নিয়ে ইসরায়েলের উদ্বেগ
পার্সটুডে- ইসরায়েলের গণমাধ্যম সিরিয়ায় তুরস্কের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এটাকে ইসরায়েলের জন্য একটি বিপদ হিসেবে দেখছে।
তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, হিব্রু ভাষার সংবাদপত্র "মা'আরিব" এক নিবন্ধে "তুরস্ক সিরিয়ায় তার প্রভাব শক্তিশালী করছে" এমন দাবি করে দেশটির উপস্থিতিকে ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে।
দৈনিকটির ভাষ্যমতে, এই অঞ্চলে তুরস্কের প্রভাব বাড়ছে, অন্যদিকে বাশার আল-আসাদ শাসনের পতনের পর প্রথমবারের মতো "নতুন সিরীয় সেনাবাহিনী" আন্তর্জাতিক সামরিক কার্যক্রমে অংশ নিতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিবেদনগুলো থেকে বোঝা যায় এই পদক্ষেপের লক্ষ্য আঙ্কারার সাথে জোটকে শক্তিশালী করা এবং এটি সিরিয়ার ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে দখলদার ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এ প্রসঙ্গে ইসরায়েলি সংবাদপত্র "মা'আরিব" লিখেছে, তুরস্ক ন্যাটো জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রস্তুতি নিচ্ছে; শুধু ৭-৮ জুলাই আঙ্কারায় আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলন আয়োজনের মাধ্যমেই নয় বরং আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে ক্ষমতার ভারসাম্য নতুন করে আঁকারও চেষ্টা করছে তুরস্ক। দীর্ঘমেয়াদী মার্কিন প্রতিশ্রুতি হ্রাস, অব্যাহত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে ইউরোপের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই প্রচেষ্টাগুলো চালানো হচ্ছে।
পত্রিকাটি লিখেছে, সিরিয়ার সরকার বর্তমানে তুরস্কের সমর্থনে সিরিয়ায় তার ক্ষমতা সুসংহত করতে এবং একটি নতুন সেনাবাহিনী গঠন করতে চেষ্টা করছে, কিন্তু এই পথ “ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে মোড় নিতে পারে।”
পত্রিকাটি একজন ইসরায়েলি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে: “আমরা সিরিয়ার বর্তমান শারা সরকারকে বিশ্বাস করি না এবং আমাদের অবশ্যই তুরস্কের প্রভাব বিস্তারের প্রচেষ্টাকে অত্যন্ত বিপজ্জনক হুমকি হিসেবে দেখতে হবে।”#
পার্সটুডে/এমআরএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।