ইরানের সমর্থনে আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i162356-ইরানের_সমর্থনে_আমরা_দৃঢ়ভাবে_দাঁড়িয়ে_আছি_হিজবুল্লাহ
পার্সটুডে: লেবাননের এক সংসদ সদস্য বলেছেন ইরানের সমর্থনে হিজবুল্লাহ এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। ইরানের আঞ্চলিক শক্তি সুসংহত হওয়ার কথা উল্লেখ করে তিনি ওই মন্তব্য করেন।  
(last modified 2026-08-20T12:54:04+00:00 )
আগস্ট ২০, ২০২৬ ১৮:৫১ Asia/Dhaka
  • হুসেইন আল-হাজ হাসান
    হুসেইন আল-হাজ হাসান

পার্সটুডে: লেবাননের এক সংসদ সদস্য বলেছেন ইরানের সমর্থনে হিজবুল্লাহ এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। ইরানের আঞ্চলিক শক্তি সুসংহত হওয়ার কথা উল্লেখ করে তিনি ওই মন্তব্য করেন।  

তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানায়, লেবাননের পার্লামেন্টে ‘প্রতিরোধের প্রতি আনুগত্য’ জোটের সিনিয়র সদস্য হুসেইন আল-হাজ হাসান লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয়ে ইসরায়েলের প্রতারণামূলক আচরণ এবং দক্ষিণ লেবাননে তাদের অব্যাহত হামলার কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এখনো দ্বিমুখী নীতি অনুসরণ করছে। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নিহত বেসামরিক নাগরিকদের ব্যাপারে তারা কোনো দায়িত্ব নিচ্ছে না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই আগ্রাসনকারী পক্ষ। যারা আরব ঐক্য ও আরব মর্যাদা রক্ষার দাবি করে অথচ ওমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং অঞ্চলের অন্যান্য হুমকি ও ঘটনাবলির বিষয়ে নীরব থাকে-তাদের এই নীরবতা প্রশ্নের জন্ম দেয়।

লেবাননের প্রতিরোধ জোটের এই সংসদ সদস্য বলেন, বিদেশি হস্তক্ষেপ ও আগ্রাসনের মুখোমুখি হলেই প্রকৃত সার্বভৌমত্বের পরীক্ষা হয়। ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিনই শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াইয়ের কেন্দ্রবিন্দু এবং আমরা তা পরিত্যাগ করব না।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের আদর্শ শুধু ভূখণ্ডের বিষয় নয়; এটি অঞ্চলে ইসরায়েলি হুমকি ও ষড়যন্ত্রমূলক প্রকল্পের বিরুদ্ধে মোকাবিলার বিষয়ও। বর্তমানে ইরান শক্তভাবে মার্কিন-ইসরায়েলি প্রকল্পের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এবং রাষ্ট্র, জনগণ, সরকার, সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড-সব পর্যায়েই আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ।

হিজবুল্লাহর এই প্রতিনিধি বলেন, সাম্প্রতিক যুদ্ধ এবং ইরানের শক্তিশালী ভূমিকা-বিশেষ করে এ অঞ্চলে মার্কিন ঘাঁটি ও অধিকৃত ফিলিস্তিনের গভীরে ইসরায়েলি অবস্থানে হামলা-যেকোনো আগ্রাসনের জবাব দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা স্পষ্ট করেছে।

আল-হাজ হাসান তার বক্তব্যে হরমুজ প্রণালির গুরুত্ব এবং বিশ্ব অর্থনীতি ও তেলবাজারে এর প্রভাবের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ইরানের সঙ্গে যে-কোনো বড় ধরনের সংঘাতের ব্যাপক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিণতি হবে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানোর সাহস করছে না-এর অন্যতম কারণ হলো, অঞ্চলে মার্কিন অবকাঠামো ও স্বার্থে আঘাত হানার ক্ষেত্রে ইরানের সক্ষমতা নিয়ে তাদের আশঙ্কা।

তিনি আরও বলেন, “সমীকরণটি পরিষ্কার: প্রতিরোধ দৃঢ়, অবিচল, অটল ও সংকল্পবদ্ধ। আর তাদের রয়েছে একজন শক্তিশালী, অবিচল ও দৃঢ় মিত্র-ইসলামি প্রজাতন্ত্র ইরান।”#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন