বেন-গাভিরের ২ কোটি ফিলিস্তিনিকে বহিষ্কারের পরিকল্পনার অজানা দিক
https://parstoday.ir/bn/news/west_asia-i162876-বেন_গাভিরের_২_কোটি_ফিলিস্তিনিকে_বহিষ্কারের_পরিকল্পনার_অজানা_দিক
পার্সটুডে-ইহুদিবাদী ইসরায়েলের উগ্রপন্থী নেতা ইতামার বেন-গাভিরের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৭ বছরের মধ্যে গাজা উপত্যকা থেকে প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে বহিষ্কারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
(last modified 2026-09-07T15:09:57+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২৬ ১৮:৩৫ Asia/Dhaka
  • ইতামার বেন-গাভির
    ইতামার বেন-গাভির

পার্সটুডে-ইহুদিবাদী ইসরায়েলের উগ্রপন্থী নেতা ইতামার বেন-গাভিরের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৭ বছরের মধ্যে গাজা উপত্যকা থেকে প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে বহিষ্কারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে পরিকল্পনাটি বাস্তবায়নে বড় ধরনের বাধা রয়েছে এবং ধারণা করা হচ্ছে, ইসরায়েল এই পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হবে না।

মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ এক প্রতিবেদনে বেন-গাভিরের এই পরিকল্পনার কথা তুলে ধরেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছরে ২ লাখ ৫০ হাজার, তিন বছরে প্রায় ১১ লাখ ১০ হাজার এবং শেষ পর্যন্ত সাত বছরে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে গাজা থেকে বহিষ্কারের লক্ষ্য নেওয়া হয়েছে। অথচ গাজার মোট জনসংখ্যা ২২ লাখেরও বেশি।

সংবাদপত্রটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলকে প্রাথমিকভাবে ৩.১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। প্রস্তাবিত অর্থায়ন কাঠামোর পরিমাণ দাঁড়ায় ১৫.৬ বিলিয়ন ডলার, যা আন্তর্জাতিক অংশগ্রহণ এবং ফিলিস্তিনিদের গ্রহণে আগ্রহী দেশগুলোর সঙ্গে চুক্তির ওপর নির্ভরশীল।

বেন-গাভিরের পরিকল্পনার প্রধান বাধা

বেন-গাভিরের দল এই পরিকল্পনাকে তাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তুলে ধরছে। তবে ইয়েদিওথ আহরোনোথ-এর মতে, পরিকল্পনাটির সামনে সবচেয়ে বড় বাধা হলো-এখন পর্যন্ত কোনো দেশই গাজা থেকে এত বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে গ্রহণ করতে রাজি হয় নি।

একজন ইসরায়েলি সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, পরিকল্পনা বাস্তবায়নের জন্য এমন ফিলিস্তিনিদের প্রয়োজন হবে যারা গাজা ছেড়ে যেতে ইচ্ছুক এবং এমন কোনো দেশে যেতে প্রস্তুত, যে দেশ তাদের গ্রহণ করবে। পত্রিকাটি আরও স্বীকার করেছে, গাজা থেকে ফিলিস্তিনিদের গ্রহণের বিষয়ে তেল আবিবের সঙ্গে কয়েকটি দেশের আগের আলোচনা ব্যর্থ হয়েছে।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।