সিনজার গণহত্যার ২য় বার্ষিকীর দাবি: 'আমাদের মেয়েদের ফিরিয়ে দাও'
https://parstoday.ir/bn/news/west_asia-i16402-সিনজার_গণহত্যার_২য়_বার্ষিকীর_দাবি_'আমাদের_মেয়েদের_ফিরিয়ে_দাও'
ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তানের সিনজার শহরে ইজাদি সম্প্রদায়ের ওপর চালানো গণহত্যার দ্বিতীয় বার্ষিকী পালন করা হচ্ছে। ২০১৪ সালের আগস্ট মাসে এ সম্প্রদায়ের ওপর গণহত্যা ও ব্যাপক ধর্ষণ-নির্যাতন চালায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। এছাড়া, বহু নারী ও তরুণীকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এসব নারী ও তরুণীকে সন্ত্রাসীরা যৌনদাসী হিসেবে ব্যবহার করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০১৬ ১৩:১৬ Asia/Dhaka
  • ইজাদি সম্প্রদায়ের বিক্ষোভ
    ইজাদি সম্প্রদায়ের বিক্ষোভ

ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তানের সিনজার শহরে ইজাদি সম্প্রদায়ের ওপর চালানো গণহত্যার দ্বিতীয় বার্ষিকী পালন করা হচ্ছে। ২০১৪ সালের আগস্ট মাসে এ সম্প্রদায়ের ওপর গণহত্যা ও ব্যাপক ধর্ষণ-নির্যাতন চালায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। এছাড়া, বহু নারী ও তরুণীকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এসব নারী ও তরুণীকে সন্ত্রাসীরা যৌনদাসী হিসেবে ব্যবহার করছে।

গণহত্যার এ বার্ষিকীতে ইজাদি সম্প্রদায়ের লোকজন অপহৃত নারী ও তরুণীদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন। গণহত্যা দিবস উপলক্ষে সিনজার শহরের শারাফউদ্দিন কবরস্থানে বহু মানুষ জড়ো হন। তারা দোষী সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান। এছাড়া, দায়েশের হাতে আটকে থাকা ৩,৭৭০ জন নারীর জীবনের নিরাপত্তা ও মুক্তির কথা বলেন তারা।

আজকের সমাবেশে অংশ নেয়া এক ব্যক্তি বলেন, সিনজার মুক্ত হয়েছে সত্যি তবে আমরা সত্যিকারের স্বাধীন নই কারণ আমাদের মেয়েরা এখনো ফিরে আসে নি।

ইরাকের হালবজা শহরেও ইজাদি সম্প্রদায় সমাবেশ করে। এছাড়া, লন্ডনের কয়েকটি মানবাধিকার সংস্থার সঙ্গে মিলে ইজাদি সম্প্রদায়ের একটি সংগঠন বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে। ইজাদি সম্প্রদায়ের প্রায় ৪,০০০ লোক  তুরস্কের দিয়ারবাকির শহরেও নীরব প্রতিবাদে অংশ নেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪