ইয়েমেন যুদ্ধে আর্থিক অনুদান দেয়ার আহ্বান জানালেন সৌদি গ্রান্ড মুফতি
-
সৌদি আরবের গ্রান্ড মুফতি শেইখ আব্দুল আজিজ আল আশ-শেইখ।
দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে চালানো আগ্রাসনে আলে সৌদ সরকারকে আর্থিক অনুদান দিতে এবার সকল অনুসারী এবং ব্যবসায়ীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রভাবশালী গ্রান্ড মুফতি শেইখ আব্দুল আজিজ আশ-শেইখ।
গ্রান্ড মুফতি আশ-শেইখ সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী নাজরান, আসির এবং জিজান প্রদেশে মোতায়েন সেনাদের জন্য অর্থ সংগ্রহ করতে তার অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের এই কাজ ‘পবিত্র ধর্মীয় দায়িত্ব’ বলে মন্তব্য করেন তিনি।
বিভিন্ন সময় বিতর্কিত ফতোয়া জারি করে আলোচনার শিরোনামে এসেছেন এই সৌদি গ্রান্ড মুফতি। এর আগে গত জুনে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে লিপ্ত সৌদি সেনাদের রোজা রাখা বাধ্যতামূলক নয় বলে এক ফতোয়া জারি করেছিলেন আশ-শেইখ।
সৌদি আলেমদের দেয়া ফতোয়াগুলো উগ্র ওহাবি মতবাদের ভিত্তিতে দেয়া হয়। এই ফতোয়াগুলো মূল ইসলামের সঙ্গে চরম সাংঘর্ষিক। তাকফিরি আদর্শ ওহাবি মতবাদ থেকেই এসেছে। ইরাক ও সিরিয়ায় পাশবিক এবং নৃসংস হামলা চালিয়ে আসা দায়েশ সন্ত্রাসীরা তাকফিরি আদর্শ লালন করে থাকে।
১৫ মাস ধরে সৌদি আরব ও কয়েকটি আরব দেশ তাদের পছন্দের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ইয়েমেনি জাতির ওপর শাসক হিসেবে চাপিয়ে দেয়ার লক্ষ্যে দারিদ্র পীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে। এতে এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে যার বেশিরভাগই বেসামরিক নাগরিক। এর পরিপ্রেক্ষিতে আনসারুল্লাহ যোদ্ধারাও সৌদি সেনাদের ওপর পাল্টা হামলা চালাচ্ছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৪