আলেপ্পোয় চূড়ান্ত অভিযান চলছে: আরো সাফল্য পেল সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i16960-আলেপ্পোয়_চূড়ান্ত_অভিযান_চলছে_আরো_সাফল্য_পেল_সিরিয়_বাহিনী
সিরিয়ার আলেপ্পোয় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে আরো সাফল্য পেয়েছে দেশটির সেনাবাহিনী। কৌশলগত শহরটি থেকে সেনাবাহিনী যখন উগ্র তাকফিরি দায়েশ এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করার লক্ষ্যে বড় ধরনের অভিযান শুরু করেছে তখন এ সাফল্যের খবর এলো। অভিযানে সেনাবাহিনীকে সহযোগিতা দিচ্ছে জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০১৬ ১৩:৪০ Asia/Dhaka
  • সিরিয়ার সেনাবাহিনী
    সিরিয়ার সেনাবাহিনী

সিরিয়ার আলেপ্পোয় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে আরো সাফল্য পেয়েছে দেশটির সেনাবাহিনী। কৌশলগত শহরটি থেকে সেনাবাহিনী যখন উগ্র তাকফিরি দায়েশ এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করার লক্ষ্যে বড় ধরনের অভিযান শুরু করেছে তখন এ সাফল্যের খবর এলো। অভিযানে সেনাবাহিনীকে সহযোগিতা দিচ্ছে জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী।

আজ (বৃহস্পতিবার) সিরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্র দেশটির বার্তা সংস্থা সানাকে জানিয়েছে, সেনাবাহিনী শহরটিতে অবস্থিত ১,০৭০ অ্যাপার্টমেন্ট প্রকল্পের পাঁচটি ব্লকের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

এছাড়া, স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় সেনাবাহিনী আলেপ্পোর দক্ষিণ অংশে সন্ত্রাসীদের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে। এতে বহু উগ্র সন্ত্রাসী হতাহত হয়েছে বলে ওই সূত্রটি জানিয়েছে। অভিযানে বোমা বোঝাই এবং ভারী অস্ত্রে সজ্জিত সন্ত্রাসীদের বহু গাড়িও ধ্বংস হয়।

এদিকে, রাশিয়া ও সিরিয়ার জঙ্গিবিমান গতকাল আলেপ্পোর দক্ষিণ অংশে বোমা বর্ষণ করলে সন্ত্রাসীদের চারটি কমান্ড সেন্টার ধ্বংস হয়। আলেপ্পো দখলে নেয়ার লক্ষ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে যখন সেনাবাহিনীর চূড়ান্ত অভিযান চলছে তখন সেখানে ২০ লাখ লোক আটকা পড়েছে বলে জাতিসংঘ হুঁশিয়ারি দিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/১০