দায়েশে যোগ দেয়ার ৩ সৌদি নারীর পরিকল্পনা বানচাল
আগস্ট ১৩, ২০১৬ ১৩:৫০ Asia/Dhaka
লেবাননের নিরাপত্তা বাহিনী সৌদি আরবের নাগরিক তিন বোনকে আটক করেছে। দেশটির সীমান্ত অতিক্রম করে সাত সন্তানসহ এসব নারী সিরিয়ার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগ দেয়ার পরিকল্পনা করেছিল।
রাজধানী বৈরুতে গতরাতে এ তিন বোন এবং তাদের সাত সন্তানকে আটক করা হয়। পরে তাদের সৌদি আরবে ফেরৎ পাঠানো হয়েছে।
সৌদি সংবাদ সংস্থা এসপিএ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে। এতে আরো বলা হয়েছে, এক নারীর স্বামী সৌদি পুলিশকে তাদের অভিসন্ধি সম্পর্কে গোপনে খবর দিয়েছিলেন। আর এ পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ বিষয়টি লেবাননের কর্তৃপক্ষকে আগেভাগে অবহিত করতে পেরেছিল।
এদিকে, ২০১১ সাল থেকে অন্তত ৪৬ সৌদি নারী দায়েশের সঙ্গে যোগ দিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৩
ট্যাগ