ফিলিস্তিনি শিশুদের শিক্ষা-বঞ্চিত করছে ইসরাইল: হামদাল্লাহ
-
ইসরাইলি আগ্রাসনে উদ্বাস্তু হওয়া ফিলিস্তিনি শিশু
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ ইহুদিবাদী ইসরাইলের সমালোচনা করে বলেছেন, তার দেশের শিশুদেরকে শিক্ষা-বঞ্চিত করছে তেল আবিব। ইসরাইল অধিকৃত জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাসের উপকণ্ঠে বেদুইন গ্রামে একটি প্রাথমিক স্কুল বন্ধ করা ও ভবনটি ভেঙে দেয়ার জন্য ইসরাইলি কর্তৃপক্ষ নির্দেশ জারি করার পর হামদাল্লাহ এ কথা বলেছেন।
তিনি এক বিবৃতিতে বলেন, “প্রত্যেক নাগরিক শিক্ষার সুযোগ পাওয়ার অধিকার রাখে। এটি একটি মৌলিক মানবাধিকার। আমরা খান আল-আহমার সম্প্রদায়ের পাশে রয়েছি এবং যারা স্কুল ভবনটি ভেঙে দেয়ার পক্ষে অবস্থান নিয়েছে তাদের প্রতি নিন্দা জানাচ্ছি।”
প্রধানমন্ত্রী হামদাল্লাহর কার্যালয়ের কর্মকর্তা জামাল দাজানি জানান, “সি অঞ্চলে ফিলিস্তিনি সম্প্রদায়ের অগ্রগতি এবং শিক্ষা-দীক্ষার পথে সব ধরনের বাধা দেয়ার চেষ্টা করছে ইসরাইল। কিন্তু আমাদের শিশুদেরকে শিক্ষা-বঞ্চিত করতে ইসরাইলকে সুযোগ দেয়া ঠিক হবে না।” তিনি প্রশ্ন করেন, ফিলিস্তিনের শিক্ষা ব্যবস্থা কী ইসরাইলের জন্য হুমকি?
সি অঞ্চল হচ্ছে পশ্চিম তীরের সবচেয়ে জনবসতিপূর্ণ এলাকা এবং ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের প্রায় ৬০ ভাগ।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮