সুপ্রিম কাউন্সিলের প্রতি সমর্থন: ইয়েমেনে লাখো মানুষের সমাবেশ
ইয়েমেনের রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে নতুন গঠিত সর্বোচ্চ পরিষদের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির সাধারণ জনগণ। এ পরিষদের প্রতি সমর্থন জানিয়ে আজ (শনিবার) কয়েক মিলিয়ন মানুষ রাজধানী সানায় সমাবেশ করেন।
ইয়েমেনে সৌদি আরবের সামরিক আগ্রাসন মোকাবেলার জন্য সম্প্রতি এ পরিষদ গঠন করা হয়েছে। এতে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের পাঁচজন নেতা ও সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ সমর্থিত জেনারেল পিপল’স কংগ্রেস দলের পাঁচজন সদস্য রয়েছেন। গত ৭ আগস্ট এ পরিষদ গঠন করা হয়।
সর্বোচ্চ পরিষদের প্রতি সমর্থন জানাতে লাখ লাখ মানুষ জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে আসেন এবং দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করার ঘোষণা দেন। এ সময় তারা নতুন গঠিত পরিষদের প্রতি সমর্থন দিয়ে নানা স্লোগান দেন এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি ১৭ মাস আগে রাজধানী থেকে পালিয়ে যাওয়ার পর গত ১৩ আগস্ট ইয়েমেনের জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। ওই দিন সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে নতুন গঠিত সর্বোচ্চ পরিষদের প্রতি সমর্থন দিয়েছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০