ইয়েমেনে গণ-সমাবেশের কাছে সৌদি বিমান হামলা
ইয়েমেনের রাজধানী সানায় অনুষ্ঠিত গণ-সমাবেশের কাছেই বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। ইয়েমেনে নতুন গঠিত সর্বোচ্চ জাতীয় পরিষদের প্রতি সমর্থন জানাতে আজ (শনিবার) দেশটির জনগণ এ সমাবেশে অংশ নেন।
রাজধানীর তাহরির স্কয়ারে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেন কয়েক মিলিয়ন মানুষ। পাশেই একটি রাস্তার ওপর সৌদি বিমান থেকে বোমা ফেলা হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। দৃশ্যত, আজকের সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সৌদি আরব বিমান হামলা চালিয়েছে।
সম্প্রতি ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ও সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর নেতৃত্বাধীন জেনারেল পিপলস কংগ্রেসের সদস্যদের নিয়ে ১০ সদস্যের সর্বোচ্চ জাতীয় পরিষদ গঠন করা হয়েছে। মূলত এই পরিষদ ইয়েমেন পরিচালনা করবে। এরইমধ্যে পরিষদের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির জাতীয় সংসদের সদস্যরা। জাতিসংঘের উদ্যোগে কুয়েতে অনুষ্ঠিত ইয়েমেন বিষয়ক শান্তি আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর এ পরিষদ গঠন করা হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০