ইরাকি জঙ্গিবিমান হামলায় দায়েশের ১৯ কমান্ডার নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i17782-ইরাকি_জঙ্গিবিমান_হামলায়_দায়েশের_১৯_কমান্ডার_নিহত
ইরাকের জঙ্গিবিমান দেশটির উত্তরাঞ্চলীয় গোলযোগপূর্ণ নেইনাভা প্রদেশে বোমা বর্ষণ করলে তাকফিরি দায়েশের এক ডজনেরও বেশী কমান্ডার নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২১, ২০১৬ ১১:৫৮ Asia/Dhaka
  • ইরাকি জঙ্গিবিমান হামলায় দায়েশের ১৯ কমান্ডার নিহত

ইরাকের জঙ্গিবিমান দেশটির উত্তরাঞ্চলীয় গোলযোগপূর্ণ নেইনাভা প্রদেশে বোমা বর্ষণ করলে তাকফিরি দায়েশের এক ডজনেরও বেশী কমান্ডার নিহত হয়েছে।

ইরাকের 'জয়েন্ট অপারেশনস কমান্ড' গতকাল (শনিবার) এক বিবৃতিত জানিয়েছে, জঙ্গিবিমান দায়েশ নিয়ন্ত্রিত মসুল শহরের পূর্ব অংশে অবস্থিত আস-সাহেল আল-আইসার এলাকায় সন্ত্রাসীদের একটি সমাবেশে বোমা বর্ষণ করলে দায়েশের ১৯ জন সিনিয়র কমান্ডার নিহত হয়। ইরাকের আল-বাগদাদিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

এছাড়া, হামলায়  নিহতদের মধ্যে  দায়েশের স্বঘোষিত গভর্নর আয়াদ হামেদ মোহাল আল- জুমাইল রয়েছে বলে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে। তিনি আবু ইয়াহিয়া নামেও পরিচিত।

মসুল শহর থেকে দায়েশকে নির্মূল করার লক্ষ্যে ইরাকি সেনাবাহিনী এবং জনপ্রিয় স্বেচ্ছাসেবী ইউনিট শহরটির চারপাশে অবস্থান নেয়ার পরিপ্রেক্ষিতে সেখান থেকে শত শত ইরাকি পরিবার অন্যত্র পালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালিদ ওবাইদি সম্প্রতি জানিয়েছেন, ইরাকি বাহিনী মসুল শহরটির কাছাকাছি স্থানে অগ্রসর অব্যাহত রাখায় দায়েশের বহু শীর্ষস্থানীয় কমান্ডার এবং তাদের পরিবারগুলো নিজেদের সব সহায় সম্বল বিক্রি করে শহরটি ছেড়ে পালিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২১