আবারো ইয়েমেনের স্কুলে সৌদি বিমান হামলা
-
সৌদি হামলায় আহত ইয়েমেনি শিশুর চিকিৎসা
দারিদ্রপীড়িত ইয়েমেনের তায়িজ প্রদেশের একটি স্কুলে হামলা চালিয়েছে সৌদি জঙ্গিবিমান। তবে সম্ভাব্য কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায় নি।
ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, আজ (সোমবার) সকালের দিকে তায়িজ প্রদেশের দাবাব জেলার আর-রাওয়াদ স্কুলে হামলা চালায় সৌদি জঙ্গিবিমান। এর আগেও সৌদি আরব বেশ কয়েকবার ইয়েমেনের বিভিন্ন স্কুলে বিমান হামলা চালিয়েছে। এছাড়া হাসপাতাল, আবাসিক ভবন, মার্কেট ও উদ্বাস্তু শিবিরে অনেকটা নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে সৌদি বাহিনী।
সৌদি আরবের হামলার মুখে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্স ইয়েমেনে তাদের চিকিৎসাসেবা কার্যক্রম গুটিয়ে চলে গেছে। আমেরিকার সামরিক কর্মকর্তারা সৌদি আরবের পাইলটদের বিমান হামলা চালাতে সহায়তা করে আসছে কারণ সৌদি পাইলটরা জঙ্গিবিমান চালাতে তেমন অভিজ্ঞ নয় এবং ইয়েমেনের যোদ্ধাদের হামলার ভয়ে ভীত থাকে। মার্কিন গণমাধ্যমে এ খবর বের হয়েছে।
২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও কয়েকটি আরব মিত্র দেশ ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত ১০ হাজার মানুষ নিহত হয়েছে যার মধ্যে বহুসংখ্যক নারী ও শিশু রয়েছে। এ অবস্থায় গত জুন মাসে সৌদি আরবকে জাতিসংঘের কালোতালিকাভুক্ত করা হয় কিন্তু সৌদি আরব ও আমেরিকার চাপে সে তালিকা থেকে রিয়াদের নাম বাদ দেয়া হয়। পরে জাতিসংঘ মহাসচিব বান কি মুন স্বীকার করেছিলেন, সৌদি আরবের চাপের মুখে তিনি রিয়াদের নাম বাদ দিতে বাধ্য হয়েছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২