‘ইসরাইলি নৃশংসতার মুখে নীরব থাকবে না ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন’
-
হামাসের সশস্ত্র যোদ্ধারা (ফাইল ফটো)
ইহুদিবাদী ইসরাইল নিরীহ ফিলিস্তিনিদের সঙ্গে যে নৃশংস আচরণ করছে সে বিষয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো কখনই নীরব থাকবে না। এমনটি জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আহমদ আল মুদাল্লাল।
আজ (মঙ্গলবার) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনে হামলা তো থামায়ইনি বরং তাদের নৃশংসতা দিন দিন বেড়ে চলেছে। ফিলিস্তিনি জাতিকে রক্ষার অধিকার ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের সামরিক শাখার রয়েছে এবং তারা এটা প্রমাণ করেছে যে, তারা ইহুদিদের পাশবিকতাকে কখনো ছাড় দেবে না।
ইসরাইলি টিভি চ্যানেলে প্রচারিত সাম্প্রতিক এক প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মুদাল্লাল বলেন, ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যানও তার পূর্বসুরীদের মতোই আচরণ করছেন। ইসরাইলি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সেই অনুষ্ঠানে ইসরাইল সরকার বোঝাতে চেয়েছে, গাজা থেকে রকেট নিক্ষেপের বদলা হিসেবে ইসরাইল বোমা বর্ষণ বাড়িয়ে দিয়েছে।
ইহুদিবাদীদের শান্ত করতে ও নিজের দুর্বলতা ঢাকতে লিবারম্যান এই অপরাধমূলক কর্মকাণ্ড বাড়াচ্ছেন বলে মন্তব্য করেন মুদাল্লাল। ইহুদিবাদীরা যদি এধরনের নৃশংস কর্মকাণ্ড অব্যাহত রাখে তাহলে এই সরকারও আর নিরাপদ থাকবে না বলে সতর্ক করেন ইসলামি জিহাদ আন্দোলনের এ নেতা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩