লিবিয়ায় সুপার কোবরা অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করল আমেরিকা
লিবিয়ায় সুপার কোবরা অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করেছে আমেরিকা। এক মার্কিন সেনা কর্মকর্তা দাবি করেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ে লিবিয়াকে সহযোগিতার জন্য এসব হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
পেন্টাগন এর আগে উত্তর আফ্রিকার দেশটিতে জঙ্গিবিমান এবং কমান্ডো বাহিনী- স্পেশাল অপারেশন্সের সেনা মোতায়েন করেছে। লিবিয়ার জাতীয় ঐকমত্যের সরকার বা জিএনএ’কে উপকূলীয় সিতরে দখলে সহায়তার জন্য এসব সেনা মোতায়েন করা হয়েছে।
সম্প্রতি লিবিয়ায় মার্কিন মেরিন কোরের এএইচ-১ডব্লিউ সুপার কোবরা অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। আমেরিকার আফ্রিকা কমান্ড বা আফ্রিকম’র মুখপাত্র অ্যান্থনি ফালভো এ কথা জানিয়েছেন। তিনি আরো বলেন, কোবরা মোতায়েন করায় সুনির্দিষ্টভাবে হামলার ক্ষমতা আরো বাড়বে এবং হামলা চালানোর ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ আরো সহজ হয়ে উঠবে। ভূমধ্যসাগরে মার্কিন নৌবাহিনীর বহুমুখী উভচর অ্যাসাল্ট রণতরী ইউএসএস ওয়াসপ-এ মোতায়েন রয়েছে এ সব হেলিকপ্টার।
ইরাক ও সিরিয়ার বাইরে দায়েশের শক্তিশালী আস্তানা রয়েছে লিবিয়ার উপকূলীয় নগরী সিতরেতে। গত বছরের ফেব্রুয়ারি মাসে এটি দখল করে নেয় তাকফিরি জঙ্গিরা।
ন্যাটো সমর্থিত বাহিনী ২০১১ সালে দেশটির দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত এবং হত্যা করার পর থেকে লিবিয়ায় অস্থিতিশীলতা চলছে। আর এ পরিস্থিতির পুরো সুযোগ নিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২৪