সৌদি তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন; ব্যাপক ক্ষয়ক্ষতি
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো'র একটি শোধনাগারে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তেল শোধনাগারটি সৌদি আরবের জিযান প্রদেশে অবস্থিত।
ইয়েমেনের আল-মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে, অব্যাহত আগ্রাসনের জবাবে আজ (শুক্রবার) ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি তেল শোধনাগার লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর ফলে শোধনাগারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
এদিকে, আজও ইয়েমেনের সা'দা প্রদেশের বাকিম জেলার আবাসিক এলাকায় সৌদি জঙ্গি বিমানের হামলায় ১১ জন নিহত হয়েছে। এর আগে গতকাল (বৃহস্পতিবার) বাকিম জেলারই একটি বাজারে জঙ্গি বিমানের হামলায় সাত জন নিহত ও ১০ জন আহত হয়। আহতদের মধ্যে এখনও কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
সব ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সৌদি আরব ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন শুরু করে। সৌদি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় দশ হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। দেশটি ইয়েমেনে নিষিদ্ধ ঘোষিত গুচ্ছ বোমাও ব্যবহার করেছে বলে জাতিসংঘ ঘোষণা করেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬