বিস্ফোরণ এবং অভিযানে ইরাকে ৫৫ দায়েশ সন্ত্রাসী নিহত
ইরাকের বিভিন্ন এলাকায় উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ বিরোধী অভিযানে অন্তত ৫৫ সন্ত্রাসী নিহত হয়েছে। এসব অভিযানে সেনাবাহিনীকে সহযোগিতা দিয়েছে স্বেচ্ছাসেবী বাহিনী।
গতকাল (শুক্রবার) ইরাকের নেইনাভা প্রদেশের খিদর এলাকায় দায়েশের অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালালে ১২ জঙ্গি নিহত হয়। এ ছাড়া, মসুলের দক্ষিণ অংশে কয়রা এবং মাখমুর শহরের সঙ্গে সংযুক্ত একটি গ্রামে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি বিস্ফোরণ ঘটলে আরো ১০ সন্ত্রাসী নিহত হয়।
এদিকে, আল-জাজিরা অপরেশনস কমান্ডার মেজর জেনারেল কাসিম আল-মুহাম্মাদি বলেছেন, ইরাকি সেনাবাহিনীর অভিযানে ৩০ দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি আরো বলেন, আনবার প্রদেশের হিত শহরে ইরাকি বিমান বাহিনীর অভিযানে আরো তিন সন্ত্রাসী নিহত হয়।
ইরাকের মসুল শহর থেকে জঙ্গি গোষ্ঠী দায়েশকে নির্মূল করার লক্ষ্যে যখন আগামী মাসের শেষদিকে দেশটির সেনাবাহিনী বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তখন সন্ত্রাসী গোষ্ঠীটির এসব সদস্য নিহত হলো। ইরাকের দ্বিতীয় বৃহত্তম কৌশলগত শহরটির দক্ষিণ অংশে কয়েকটি এলাকার ওপর এরইমধ্যে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে ইরাকি নিরাপত্তা বাহিনী।#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৭