দায়েশের ঘাতক স্কোয়াডে ব্রিটিশ শিশু
https://parstoday.ir/bn/news/west_asia-i18373-দায়েশের_ঘাতক_স্কোয়াডে_ব্রিটিশ_শিশু
উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ হাত-পা বাধা নিরীহ বন্দিদের হত্যার কাজে কোমলমতি শিশুদের ব্যবহার করছে। সম্প্রতি প্রকাশিত এক লোমহর্ষক ভিডিও’তে ঘাতক শিশুদের মধ্যে এক ব্রিটিশ বালককেও দেখা গেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২৮, ২০১৬ ০২:১৪ Asia/Dhaka
  • দায়েশের ঘাতক স্কোয়াডে ব্রিটিশ শিশু

উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ হাত-পা বাধা নিরীহ বন্দিদের হত্যার কাজে কোমলমতি শিশুদের ব্যবহার করছে। সম্প্রতি প্রকাশিত এক লোমহর্ষক ভিডিও’তে ঘাতক শিশুদের মধ্যে এক ব্রিটিশ বালককেও দেখা গেছে।

দায়েশ নিয়ন্ত্রিত সিরিয়ার রাকা শহরে সংঘটিত এই নির্মম হত্যাকাণ্ড চালানো হয় ১০ থেকে ১৩ বছর বয়সি পাঁচ শিশুকে দিয়ে। এদের মধ্যে নীল-চোখের এক শ্বেতাঙ্গ বালক রয়েছে যাকে আবু আব্দুল্লাহ আল-ব্রিটানি বলে পরিচয় দিয়েছে দায়েশ। বাকি চার শিশু মিশর, তুরস্ক, তিউনিশিয়া ও উজবেকিস্তানের নাগরিক।

হাত-পা বাধা পাঁচ কুর্দি বন্দিকে মাটিতে বসিয়ে তাদের পেছনে অবস্থান নেয় এই পাঁচ শিশু। এরপর আরবি ভাষায় কিছুক্ষণ বক্তৃতা দিয়ে ঘাড় ও মাথায় গুলি করে এসব বন্দিকে ঠাণ্ডা মাথায় খুন করে কোমলমতি শিশুরা। এ সময় আরবি ভাষায় এক শিশু বলে ওঠে, “কুর্দিদেরকে কেউ বাঁচাতে পারবে না। এমনকি আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এবং নরকের কীটরাও (তাদের বাঁচাতে পারবে না)।”

উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ তাদের পরবর্তী সন্ত্রাসী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কোমলমতি শিশুদেরকে এ ধরনের পাশবিক কাজে অভ্যস্ত করে তুলছে। এর আগে গত বছরের জুলাই মাসে দায়েশ এক লোমহর্ষক ভিডিও প্রকাশ করেছিল যেখানে সিরিয়ার ২৫ বন্দি সেনাকে একই কায়দায় গুলি করে হত্যা করে ১০ থেকে ১২ বছর বয়সি শিশুরা।

লন্ডন-ভিত্তিক থিংক ট্যাংক কুইলিয়াম ফাউন্ডেশনের হিসাব মতে, এ পর্যন্ত প্রায় ৫০টি ব্রিটিশ শিশুকে দায়েশের জঙ্গি কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা গেছে। এ ছাড়া, ব্রিটিশ সরকার জানিয়েছে, দেশটি থেকে অন্তত ৮০০ ব্যক্তি দায়েশের হয়ে যুদ্ধ করার জন্য সিরিয়া ও ইরাকে পাড়ি জমিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮