সিরিয় বাহিনীর হামলায় আরো ১১ দায়েশ জঙ্গি নিহত
-
সিরিয়া বিমান বাহিনীর একটি জঙ্গিবিমান
সিরিয়ার সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের আরো ১১ জঙ্গিকে হত্যা করেছে। সেই সঙ্গে দেশটির পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীদের কাছ থেকে দুটি গ্রামও পুর্নদখলে নিয়েছে সিরিয় বাহিনী।
'দি সিরিয়া নাউ নিউজ' সংবাদ মাধ্যম আজ (মঙ্গলবার) জানিয়েছে, সিরিয়ার বিমান বাহিনী হামা শহরের উপকণ্ঠে দায়েশের মালিকানাধীন একটি সামরিক যানে বোমা বর্ষণ করলে এসব জঙ্গি নিহত হয়। সিরিয় বাহিনী শহরটির আশপাশে আলাদাভাবে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের কাছ থেকে বোওয়াইজা এবং মাদাজিন গ্রামটি পুর্নদখলে নিয়েছে।
এছাড়া, সংবাদমাধ্যমটি জানিয়েছে, রুশ জঙ্গিবিমানও তাকফিরি গোষ্ঠী যাবহাত ফাতেহ আস-শামের অবস্থানের পাশাপাশি তাদের অস্ত্র গুদামকে টার্গেট করে বোমা বর্ষণ করেছে। সম্প্রতি আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আন-নুসরা ফ্রন্টই যাবহাত ফাতেহ আস-শাম হিসেবে আত্মপ্রকাশ করেছে।
এছাড়া, বিদেশী মদদপুষ্ট সিরিয়ার আরব এবং কুর্দি যোদ্ধাদের সমন্বয়ে গঠিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ দেশটির উত্তরাঞ্চলীয় মানবিজ শহরের দক্ষিণ অংশে দু'টি গ্রাম সন্ত্রাসীমুক্ত করেছে।
সিরিয়ায় ২০১৪ সাল থেকে নৃসংসতা চালিয়ে আসা তাকফিরি দায়েশের কাছ থেকে সম্প্রতি কুর্দি বাহিনী মানবিজ শহরটি পুনর্দখলে নেয়।#
পার্সটুডে/বাবুল আখতার/৩০