ইহুদিবাদ-বিরোধী লড়াইয়ে বিশ্বাসী নেতা দরকার: তাইসির নাসরুল্লাহ
-
তাইসির নাসরুল্লাহ
ফিলিস্তিনি জাতীয় পরিষদের সদস্য তাইসির নাসরুল্লাহ বলেছেন, “আমাদের এমন কয়েকজন নেতা দরকার যারা ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বাসী। এর পাশাপাশি ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের কৌশল নির্ধারণ করা দরকার।”
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, “আমাদের রাজনৈতিক স্থিতিশীলতার উপায় খুঁজে বের করতে হবে এবং দখলদার ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ কৌশল অনুসরণ করা দরকার।”
ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের এ নেতা আরো বলেন, “আমি মনে করি এখনই নেতৃত্বের পরিবর্তন দরকার এবং তা ফিলিস্তিনি জাতীয় পরিষদ থেকে শুরু হতে পারে। আমাদের নতুন নেতা বেছে নেয়ার সময় এসেছে।”
তাইসির নাসরুল্লাহ বলেন, “ফিলিস্তিনের গোলযোগপূর্ণ অবস্থা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগ নিচ্ছে ইহুদিবাদী সরকার। আর সে কারণে ফিলিস্তিনি জনগণের ওপর তারা অব্যাহতভাবে অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” তিনি পরিষ্কার করে বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ফিলিস্তিনিদের অনুসৃত নীতি ও কৌশলে অব্যশই পরিবর্তন আনতে হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪