উপায়হীন ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলায় ৬ সৌদি সেনা নিহত
-
সৌদি হামলায় বিধ্বস্ত ইয়েমেনি ঘর-বাড়ি
সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে অনেকটা উপায়হীন অবস্থায় আবারো পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনের যোদ্ধারা। সৌদি আরবের নাজরান প্রদেশের সামরিক অবস্থানে চালানো এ হামলায় সৌদি আরবের চার স্নাইপার নিহত হয়েছে।
সৌদি আরবের আসির প্রদেশে সামরিক বাহিনীর অন্য একটি অবস্থানে ইয়েমেনের সেনাদের গোলাবর্ষণে নিহত হয়েছে আরো দুই সেনা। সৌদি ভাড়াটে সেনাদের মর্টার হামলায় ইয়েমেনের তায়িজ প্রদেশের একটি আবাসিক এলাকায় ছয় বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর ইয়েমেনি যোদ্ধারা এসব হামলা চালায়। এটি ছিল ইয়েমেনে সৌদি আরবের সর্বসাম্প্রতিক হামলা এবং এ ধরনের হামলার কারণে রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকট সমাধানের পথ দিন দিন কঠিন হয়ে পড়ছে।
কুয়েতে অনুষ্ঠিত শান্তি আলোচনা বাতিল হয়ে যাওয়ার পর সৌদি আরব ইয়েমেনে হামলা জোরদার করেছে। জাতিসংঘের মধ্যস্থতায় এ আলোচনা শুরু হয়েছিল।
২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব দারিদ্রপীড়িত সৌদি আরবে সামরিক আগ্রাসন শুরু করেছে। তবে যেসব লক্ষ্য নিয়ে রাজতান্ত্রিক সৌদি সরকার হামলা শুরু করেছিল তার কিছুই অর্জন করতে পারে নি তারা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২