ইয়েমেনের হামলায় এবার কাতারের ৩ সেনা নিহত
-
ইয়েমেনি সেনাদের হামলা (ফাইল ফটো)
ইয়েমেনের যোদ্ধাদের হামলায় এবার কাতারের আরো তিন সেনা নিহত হয়েছে। কাতারের সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে। তবে কখন ও কীভাবে এসব সেনা মারা গেছে তা পরিষ্কার করে বলা হয় নি। এ বিষয়ে কাতারের সরকারি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায় নি।
এর আগে, গতকাল ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা ও অনুগত সেনাদের হামলায় সৌদি আরবের ছয় সেনা নিহত হয়। এর মধ্যে চার স্নাইপার মারা গেছে নাজরান প্রদেশে আর বাকি দুই সেনা মারা গেছে আসির প্রদেশে। সৌদি আরবের বিমান হামলায় তায়িজ প্রদেশে তিন নারী ও তিনটি শিশু নিহত হওয়ার পর ইয়েমেনের যোদ্ধারা এ দুটি হামলা চালায়।
২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ইয়েমেনে বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। সৌদি আরব ও তার মিত্রদের হামলায় এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ মারা গেলেও মুসলিম বিশ্বের প্রায় সব দেশ সৌদি অপরাধযজ্ঞের বিষয়ে নীরব রয়েছে। একমাত্র ইরান আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে সরব রয়েছে। এছাড়া, আমেরিকাসহ মানবাধিকারের কথিত ধ্বজাধারীরা অস্ত্র ও সামরিক পরামর্শ দিয়ে সৌদি আরবকে ইয়েমেনে অপরাধ চালাতে সহযোগিতা করছে।
ইয়েমেনে শিশু-অধিকার লঙ্ঘনের জন্য জাতিসংঘ সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করলেও পরে আমেরিকা ও সৌদি চাপের মুখে তা থেকে মুক্তি দেয় দেশটিকে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩