ইরাকে নিজেদের ৪ জঙ্গিকে হত্যা করল দায়েশ
-
ফাইল ছবি
ইরাকি বিমান বাহিনীর কাছে গোপন তথ্য ফাঁস করার কথিত অভিযোগে নিজেদের চার সদস্যকে হত্যা করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। দেশটির সালাউদ্দিন ও দিয়ালা প্রদেশের সীমান্তবর্তী মুতাইবিজা এলাকায় ওই চার জঙ্গিকে গুলি করে হত্যা করে দায়েশ।
ইরাকের জনপ্রিয় গণবাহিনীর অন্যতম কমান্ডার উদাই আল-খাদরান জানিয়েছেন, গত ১২ সেপ্টেম্বর ইরাকের মুতাইবিজা এলাকায় দায়েশের একটি অবস্থানে ইরাকি বিমান বাহিনীর হামলায় অন্তত ছয় জন জঙ্গি কমান্ডার নিহত হয়। হামলায় আরো বহু দায়েশ সন্ত্রাসী খতম হয়। ওই জঙ্গি অবস্থান বিমান বাহিনীর কাছে জানিয়ে দেয়ার অভিযোগে এই চার জঙ্গিকে হত্যা করে দায়েশ।
২০১৪ সালের জুন মাসে বিদেশি মদদ নিয়ে ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল ভূখণ্ড দখল করে নেয় দায়েশ। এরপর জনমনে আতঙ্ক সৃষ্টি করে টিকে থাকার লক্ষ্যে তারা নিজেদের দখলীকৃত এলাকায় পাশবিক হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মতো ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ চালায়।
ইরাকের সেনাবাহিনী দেশটির গণবাহিনীর সহযোগিতায় বর্তমানে দায়েশের দখলীকৃত এলাকাগুলো পুনর্দখলের চেষ্টা করছে। এ পর্যন্ত প্রায় সব এলাকা দায়েশের দখল মুক্ত হলেও উত্তরাঞ্চলীয় মসুল শহর এখনো এ জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।#
পার্সটুযে/মুজাহিদুল ইসলাম/১৭